
|
জলাবদ্ধতা নিরসনে গলাপানিতে নেমে খাল পরিষ্কার করলেন মুহাম্মদুল্লাহ এমপি
প্রকাশ:
২৭ আগস্ট, ২০২৬, ০৪:১৬ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহের তারাকান্দায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে গলাপানিতে নেমে খালের কচুরিপানা পরিষ্কার করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য জননেতা মুফতি মুহাম্মদুল্লাহ। বুধবার (২৬ আগস্ট) উপজেলার কাকনী ইউনিয়নের পঙ্গুয়াই খালে প্রায় দুই ঘণ্টা পরিচ্ছন্নতা কার্যক্রম চালান তিনি। এমপিকে পানিতে নামতে দেখে বাংলাদেশ খেলাফত মজলিস ও শ্রমিক মজলিসের নেতাকর্মীসহ এলাকার শতাধিক মানুষও স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন পানিপ্রবাহ বন্ধ থাকায় কচুরিপানা জমে ৯টি গ্রামের প্রায় দুই হাজার পরিবার জলাবদ্ধতার ভোগান্তিতে রয়েছে। এতে ফসলি জমি ও বাড়িঘর পানিবন্দী হয়ে পড়ে। এমপি জানান, খালের শেষ প্রান্তে থাকা ব্যক্তিমালিকানাধীন জমি তিনি নিজে কিনে নেওয়ার উদ্যোগ নেবেন। পাশাপাশি খালটি কাকনী ব্রিজ পর্যন্ত খনন করে পানিপ্রবাহ স্বাভাবিক করার ঘোষণা দেন। |