
|
পরিবার মজবুত হলে সমাজ মজবুত হবে: মাওলানা মাহমুদ মাদানী
প্রকাশ:
২৭ আগস্ট, ২০২৬, ০৩:২৪ দুপুর
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক পরিবারের বন্ধন দৃঢ় ও পারিবারিক মূল্যবোধ শক্তিশালী হলে সমাজও মজবুত হবে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানী। বুধবার (২৬ আগস্ট) নয়াদিল্লিতে জমিয়তে উলামায়ে হিন্দের কেন্দ্রীয় কার্যালয় মারকাজিতে আয়োজিত প্রাদেশিক সমাজ সংস্কার ব্যবস্থা ও সহযোগীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাওলানা মাহমুদ আসাদ মাদানী বলেন, সমাজের বিভিন্ন সমস্যার সমাধান কেবল রাজনৈতিক বা বাহ্যিক পরিস্থিতির পরিবর্তনের ওপর নির্ভরশীল নয়। বরং সমাজের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, পারিবারিক ব্যবস্থার সুরক্ষা, দীনি তরবিয়ত ও নৈতিকতার উন্নয়নের ওপর সমাজের স্থিতিশীলতা অনেকাংশে নির্ভর করে। তিনি বলেন, সমাজ সংস্কারের কাজকে ব্যক্তিগত উদ্যোগের মধ্যে সীমাবদ্ধ রাখলে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। এ কাজকে আরও সুসংগঠিত, কার্যকর ও দীর্ঘস্থায়ী আন্দোলনের রূপ দিতে হবে। কর্মশালায় পরিবারের গুরুত্বের ওপর বিশেষ জোর দেওয়া হয়। মাওলানা মাদানী বলেন, সমাজকে শক্তিশালী করার প্রথম ধাপ হলো পরিবারকে শক্তিশালী করা। একটি পরিবারকে সংকট থেকে রক্ষা করার পাশাপাশি বৃহত্তর সমাজকে পারিবারিক অবক্ষয় থেকে সুরক্ষিত করাও সমাজ সংস্কার কার্যক্রমের অন্যতম লক্ষ্য হওয়া উচিত। তিনি স্বামী-স্ত্রীর পারস্পরিক মতবিরোধ ও ভুল বোঝাবুঝি নিরসনে সময়োপযোগী ও সঠিক দিকনির্দেশনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। এ ক্ষেত্রে বিজ্ঞ আলেম ও উমরাদের পরামর্শ ও মধ্যস্থতার মাধ্যমে পারিবারিক সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। ২৪ আগস্ট শুরু হওয়া দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় সমাজ সংস্কার কার্যক্রমকে আরও কার্যকর করার বিভিন্ন কৌশল ও পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় বিশিষ্ট মোটিভেটর স্পিকার মাওলানা সাজিদ ফালাহী, ফ্যামিলি ফার্স্ট গাইডেন্স সেন্টারের পরিচালক মাওলানা মুফতি ইশফাক কাজী, নাজিম তানজিম (দক্ষিণ) মাওলানা মুহাম্মদ উমর বেঙ্গালুরী এবং নাজিম তাহাফফুজে সুন্নাহ, প্রদেশ মাওলানা মুফতি জাহিদ আলী কাসেমীসহ বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য ও প্রশিক্ষণ প্রদান করেন। এতে ভারতের ২০টি রাজ্য থেকে প্রায় ৫৫ জন প্রাদেশিক সমাজ সংস্কার ব্যবস্থার দায়িত্বশীল ও সহযোগী অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে সমাজ সংস্কারের দায়িত্বশীলদের দক্ষতা বৃদ্ধি, পারিবারিক ও সামাজিক সংকট মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সমাজ সংস্কারের কাজকে একটি সুসংগঠিত ও স্থায়ী আন্দোলনে রূপ দেওয়ার ক্ষেত্রে এ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সূত্র: সমাজ নিউজ আইও/ |