ফজরের নামাজ পড়ানো হলো না মুফতি মাকছুদের
প্রকাশ: ০১ জুলাই, ২০২৬, ০২:০৫ দুপুর
নিউজ ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি-

নোয়াখালীর সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ মুফতি মাকছুদ আলম (৩০) নিহত হয়েছেন। বুধবার (১ জুলাই) ভোরে উপজেলার চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজে ইমামতি করার জন্য মোটরসাইকেলে করে মসজিদে যাচ্ছিলেন হাফেজ মুফতি মাকছুদ আলম। পথে তোতা মিয়ার বাজার এলাকায় তিনি দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা তাকে সড়কের পাশে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানান স্থানীয়রা। পরে চরজব্বার থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত মাকছুদ আলম সুবর্ণচর উপজেলার চরজব্বার ৩ নম্বর চরক্লার্ক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকার বাসিন্দা নুরুল আলম ওরফে মন্ত্রী সওদাগরের ছেলে। তিনি সুবর্ণচর উপজেলা মডেল মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নিহতের বাবা নুরুল আলম বলেন, ভোর ৪টার দিকে মাকছুদ আলম শ্বশুরবাড়ি থেকে ফজরের নামাজ পড়াতে মসজিদের উদ্দেশে রওনা হন। এরপর তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে স্থানীয়দের মাধ্যমে দুর্ঘটনার খবর জানতে পারেন তারা।

এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ওই সড়কে দীর্ঘদিন ধরে মাটি বহনকারী ভারী যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। প্রায়ই ছোট যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। তারা সড়কে ভারী যানবাহন নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবাশীষ সরকার জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছিল। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আওয়ার ইসলাম/জেডএম