উত্তরাখণ্ডে মাদরাসা বোর্ড বিলুপ্ত করে দিলো রাজ্য সরকার
প্রকাশ: ০১ জুলাই, ২০২৬, ১২:৪২ দুপুর
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক-

ভারতের উত্তরাখণ্ডে মাদরাসা শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। বুধবার (১ জুলাই) থেকে রাজ্যটিতে আনুষ্ঠানিকভাবে মাদরাসা বোর্ডের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এর পরিবর্তে মাদরাসাগুলোর তদারকি ও স্বীকৃতির দায়িত্ব পালন করবে নতুন গঠিত সংখ্যালঘু শিক্ষা কর্তৃপক্ষ (মাইনরিটি এডুকেশন অথরিটি)।

নতুন ব্যবস্থার আওতায় উত্তরাখণ্ডের সব মাদরাসাকে এই কর্তৃপক্ষের কাছ থেকে স্বীকৃতি নিতে হবে। একই সঙ্গে মাদরাসাগুলোর সাধারণ শিক্ষার পাঠ্যক্রম পরিচালিত হবে উত্তরাখণ্ড বিদ্যালয়ী শিক্ষা পরিষদ (রাজ্য শিক্ষা বোর্ড)-এর নির্ধারিত সিলেবাস অনুযায়ী।

রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে শুধু রাজ্য বোর্ডের পাঠ্যক্রম পড়ানো হবে। তবে ধর্মীয় শিক্ষা পুরোপুরি বন্ধ করা হচ্ছে না। আগের মতোই কুরআন, হাদিস ও অন্যান্য ধর্মীয় বিষয় পড়ানো যাবে, কিন্তু তা নিয়মিত স্কুল সময়ের বাইরে পৃথকভাবে পরিচালিত হবে।

সরকারের দাবি, এই পরিবর্তনের মাধ্যমে মাদরাসার শিক্ষার্থীরা মূলধারার শিক্ষাব্যবস্থার সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হবে এবং উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে সমান সুযোগ পাবে। পাশাপাশি ধর্মীয় শিক্ষার ধারাবাহিকতাও বজায় থাকবে।

অন্যদিকে, এই সিদ্ধান্তকে ঘিরে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। কেউ এটিকে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নের উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন, এটি মাদ্রাসা শিক্ষার স্বতন্ত্র কাঠামোর ওপর প্রভাব ফেলতে পারে।

উল্লেখ্য, উত্তরাখণ্ড সরকার সম্প্রতি রাজ্যের সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য নতুন নীতিমালা প্রণয়নের অংশ হিসেবে এই পরিবর্তন কার্যকর করেছে।

সূত্র: মিল্লাত টাইমস উর্দু

আওয়ার ইসলাম/জেডএম