
|
‘রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ করা সম্ভব’
প্রকাশ:
২৬ আগস্ট, ২০২৬, ০৯:৫৮ রাত
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক রাজধানীর হাজারীবাগে জামিয়াতুল বালাগ ঢাকার ব্যবস্থাপনায় ‘রুহামা ফাউন্ডেশন বাংলাদেশ’র আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে জাতীয় সীরাত বক্তৃতা প্রতিযোগিতা ও সীরাত কনফারেন্স। বুধবার (২৬ আগস্ট) রুহামা ফাউন্ডেশন বাংলাদেশ এর আহ্বায়ক, লেখক ও গবেষক মুফতি আহসান শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব, রুহামা ফাউন্ডেশন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ করা সম্ভব হবে। এজন্য মানুষের জীবনের পরতে পরতে রসুলুল্লাহর সীরাত বাস্তবায়নের বিকল্প নেই। প্রতিযোগী শিক্ষার্থীদের স্বপ্ন দেখিয়ে তিনি বলেন, আজ তোমরা ছোট। নবীর সীরাত চর্চা এবং বড়দের সম্মান ও আনুগত্যের মাধ্যমেই তোমাদের বড় হতে হবে। দেশ পরিচালনার দায়িত্বভার নেয়ার যোগ্যতা অর্জন করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে বিদগ্ধ আলেম মুফতি লুৎফুর রহমান ফরায়েজি বিশ্বনবীর শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন। তিনি সূরা দুহার তাফসিরে গিয়ে বলেন, কাফেরদের কুৎসা রটনার বিরুদ্ধে জবাব হিসেবে আল্লাহ তায়ালা এ সুরাটি অবতীর্ণ করেছেন। আল্লাহ তায়ালা বলেছেন, নবী আপনার সব পরবর্তীই আগের তুলনায় সেরা। আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব বাবা মায়ের সেবার গুরুত্ব দিয়ে নবীজির জীবন থেকে শিক্ষার আলোকপাত করেন। লেখক ও গবেষক মাওলানা যোবায়ের আহমাদ বলেন, বিশ্বনবী নারীর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এ বিষয়ে তথ্যনির্ভর আলোচনা করেন তিনি।
সভাপতির বক্তব্যে মুফতি আহসান শরীফ বলেন, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে রুহামা ফাউন্ডেশ বাংলাদেশ এর প্রতিযোগিতার প্রথম পর্ব শুরু হয়েছে। এটি চলবে দেশের বিভিন্ন জেলা শহরে। দ্বিতীয় পর্বের পরে হবে ফাইনাল রাউন্ড। যা দেশের মর্যাদাপূর্ণ কোনো হলে অনুষ্ঠিত হবে, রুহামা ফাউন্ডেশ বাংলাদেশ এর পেইজে ঘোষণা করা হবে। আইও/ |