
|
ময়মনসিংহ সিটি করপোরেশেনের উদ্যোগে মহানবীর জীবন ও আদর্শ নিয়ে মাহফিল
প্রকাশ:
২৬ আগস্ট, ২০২৬, ০৭:৩১ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ সা.-এর জীবন, কর্ম ও আদর্শ নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে বুধবার দুপুর ১২টায় নগরীর টাউন হল মোড়ের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ সা. ছিলেন সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবন ও শিক্ষা অনুসরণের মাধ্যমে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে শান্তি, শৃঙ্খলা, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব। বর্তমান সময়ে সামাজিক অস্থিরতা, হিংসা-বিদ্বেষ ও বিভাজন দূর করতেও মহানবী সা.-এর আদর্শ অনুসরণ করা জরুরি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন। বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার বলেন, মহানবী সা.-এর জীবন ও আদর্শ শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। তাঁর ধৈর্য, সততা ও ক্ষমার শিক্ষা আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান মহানবী সা.-এর জীবনী থেকে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিকতার শিক্ষা নেওয়ার আহ্বান জানান। জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, মহানবী সা.-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠন করা সবার দায়িত্ব। পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান মহানবী সা.-এর আদর্শে উজ্জীবিত হয়ে সবাইকে অন্যায় ও খারাপ কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি সামাজিক শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা আরও বলেন, মহানবী সা. ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, মানবতার কল্যাণ, পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধের যে শিক্ষা দিয়েছেন, তা অনুসরণ করলে সমাজের নানা বিভাজন ও অস্থিরতা দূর করা সম্ভব। তাঁর আদর্শকে ব্যক্তি ও সামাজিক জীবনে বাস্তবায়নের জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন অনুষ্ঠানে অংশ নেওয়া আলেম-ওলামা ও ধর্মপ্রাণ নাগরিকদের ধন্যবাদ জানান। ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজনে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি। আলোচনা শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বৃহত্তর ময়মনসিংহ ইত্তেফাকুল উলামার প্রধান মুরব্বি মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী। এ সময় দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য এবং বিশ্বের নির্যাতিত মানুষের জন্য বিশেষ দোয়া করা হয়। আইও/ |