আল্লাহর পরিকল্পনাই শেষ পর্যন্ত সফল হবে: এরদোয়ান
প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৬, ১০:২৭ দুপুর
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

আঞ্চলিক পরিস্থিতি ও চলমান অস্থিরতা নিয়ে কঠোর বার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তিনি বলেছেন, বিশ্বের বিভিন্ন পক্ষের নিজস্ব হিসাব-নিকাশ ও পরিকল্পনা থাকলেও তুরস্কেরও নিজস্ব পরিকল্পনা রয়েছে। তবে সবকিছুর ঊর্ধ্বে রয়েছে মহান আল্লাহর পরিকল্পনা, শেষ পর্যন্ত সেটিই বাস্তবায়িত হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) তুরস্কের বিটলিস প্রদেশের আহলাতে মালাজগির্ত বিজয়ের ৯৫৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এরদোয়ান এসব কথা বলেন।

এরদোয়ান বলেন, ‘সবার যদি কোনো হিসাব-নিকাশ থাকে, তাহলে বিশ্বাস রাখুন—আমাদেরও একটি হিসাব-নিকাশ ও পরিকল্পনা রয়েছে।’ এরপর তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আল্লাহ—যিনি সমগ্র জগতের প্রতিপালক—তাঁরও একটি পরিকল্পনা রয়েছে। শেষ পর্যন্ত সেই পরিকল্পনাই সফল হবে।’

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আঞ্চলিক অস্থিতিশীলতা থেকে যারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়, তারা শেষ পর্যন্ত ব্যর্থ হবে। সন্ত্রাসবাদ থেকে সুবিধা নেওয়া ব্যক্তিরা, ‘রক্তের ব্যবসায়ী’ এবং গণহত্যাকারীরা পরাজিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

এরদোয়ান আরও বলেন, যারা এ অঞ্চলকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে চায়, তাদের পরিকল্পনা সফল হবে না। শেষ পর্যন্ত জয় হবে মানবতা, ভ্রাতৃত্ব, শান্তি ও স্থিতিশীলতার।

তুরস্কের প্রেসিডেন্টের এ বক্তব্য এমন এক সময়ে এলো, যখন দেশটি ‘সন্ত্রাসমুক্ত তুরস্ক’ উদ্যোগকে এগিয়ে নেওয়ার পাশাপাশি প্রতিবেশী সিরিয়া ও ইরাকসহ বৃহত্তর অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, এ প্রক্রিয়া সফল হলে তুরস্কের অর্থনীতি ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা আরও শক্তিশালী হবে এবং অঞ্চলটির দেশগুলোও শান্তির পরিবেশ ফিরে পাবে।

এরদোয়ান বলেন, তুর্কি, কুর্দি ও আরবদের ভ্রাতৃত্বপূর্ণ ঐক্য কেউ ঠেকাতে পারবে না। তাঁর ভাষায়, একটি শক্তিশালী ও সমৃদ্ধ তুরস্কের নতুন যুগের সূচনা হয়েছে এবং ‘তুরস্ক শতাব্দী’ নির্মাণের কাজ শুরু হয়েছে। সূত্র: মিল্লাত টাইমস উর্দু

আরএইচ/