কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ
প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৬, ০৯:০২ রাত
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

কলকাতায় অগ্নিনিরাপত্তা ও ভবন নির্মাণের নিয়ম না মানায় গত ছয় দিনে আরও প্রায় ২০০টি হোটেল ও গেস্টহাউস বন্ধের নোটিশ দিয়েছে কলকাতা পৌরসভা। সোমবার ( ২৪ আগস্ট) পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের একটি লজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন নিহত হওয়ার পরে হোটেল ও গেস্টহাউজগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যাপকভাবে তৎপর হয়েছে কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে বিভিন্ন হোটেলে নিরাপত্তা ও ভবনের নিয়মকানুন যাচাই করা হচ্ছে।

পৌরসভার নোটিশের পাশাপাশি, মধ্য কলকাতার বেশ কয়েকটি লজ, গেস্ট হাউস ও হোটেল নিজস্ব উদ্যোগে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। কর্তৃপক্ষের হঠাৎ বন্ধের নির্দেশ আসতে পারে এমন আশঙ্কায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া নিউ মার্কেট ও আশেপাশের এলাকার অনেক হোটেল নতুন করে বুকিং নেওয়া বন্ধ করে দিয়েছ। তাদের আশঙ্কা, অতিথিদের অল্প সময়ের নোটিশে হোটেল ছেড়ে যেতে বলতে হতে পারে।

গত এক সপ্তাহেরও কম সময়ে কলকাতায় ২০০টির বেশি হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু হোটেলকে ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

শুধু মধ্য কলকাতা নয়; বুরাবাজার, ইএম বাইপাসের আশপাশ এবং টালিগঞ্জ-যাদবপুর এলাকাতেও হোটেল ও গেস্টহাউজগুলোকে বন্ধের নোটিশ দেওয়া হয়েছে।

কলকাতা গোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রাজেশ শেঠি বলেন, নিউ মার্কেট ও শিয়ালদহ-সহ মধ্য কলকাতার হোটেল ব্যবসায়ীরা এই ধরনের ‘বাছবিচারহীন’ বন্ধের নোটিশে আতঙ্কিত।

গত সপ্তাহে হোটেল বন্ধের কার্যক্রম শুরু হলে,কয়েকজন হোটেল মালিক কর্তৃপক্ষের এমন হঠাৎ ও পরিকল্পনাহীনভাবে হোটেল বন্ধের প্রতিবাদে প্রতীকী ধর্মঘটের কথা ভাবছিলেন। তবে বর্তমানে ২০০টির হোটেল বন্ধ হয়ে গেছে এবং আরও অনেক হোটেল আতঙ্ক ও অনিশ্চয়তার কারণে নিজেরাই বন্ধ করে দিচ্ছে। ফলে এই ধর্মঘটের কোনো অর্থ নেই বলে মন্তব্য করেন রাজেশ শেঠি।

আইও/