
|
পবিত্র কাবার বার্ষিক গোসল সম্পন্ন
প্রকাশ:
৩০ জুন, ২০২৬, ১১:৪৭ দুপুর
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক- ইসলামের সর্বাধিক পবিত্র স্থান পবিত্র কাবা শরিফের বার্ষিক ধৌতকরণ (গুসলুল কাবা) অনুষ্ঠান যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩০ জুন ২০২৬), ১৫ মুহাররম ১৪৪৮ হিজরি, ফজরের নামাজের পর মসজিদুল হারামে এ ঐতিহ্যবাহী আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। সৌদি আরবের বাদশাহ খাদেমুল হারামাইন শরিফাইন কিং সালমান বিন আবদুল আজিজ আল সৌদের পক্ষে অনুষ্ঠানে নেতৃত্ব দেন মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশআল বিন আবদুল আজিজ।
প্রতি বছরের মতো এ বছরও বিশেষভাবে প্রস্তুত সুগন্ধিযুক্ত জমজমের পানি, গোলাপজল এবং উৎকৃষ্ট মানের আতর ব্যবহার করে কাবা শরিফের অভ্যন্তর পরিষ্কার ও ধৌত করা হয়। এ সময় কাবার ভেতরের দেয়াল, মেঝে ও স্তম্ভসমূহ যত্নসহকারে পরিষ্কার করা হয়। গুসলুল কাবা ইসলামি বিশ্বের একটি প্রাচীন ও মর্যাদাপূর্ণ ধর্মীয় ঐতিহ্য। এ অনুষ্ঠানে সাধারণত সৌদি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, হারামাইন শরিফাইনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আলেম-উলামা এবং সম্মানিত অতিথিরা উপস্থিত থাকেন।
বিশ্বের কোটি কোটি মুসলমানের কাছে এই বার্ষিক ধৌতকরণ অনুষ্ঠান গভীর ধর্মীয় তাৎপর্য বহন করে। পবিত্র কাবা মুসলিম উম্মাহর কিবলা এবং ইসলামী ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত। প্রতি বছর এ অনুষ্ঠান মুসলিম বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে এবং ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে পালিত হয়। সূত্র: ইসলামিক ইনফরমেশন আওয়ার ইসলাম/জেডএম |