উদ্বোধনের আগেই পৌনে ১৩ কোটি টাকার মডেল মসজিদে ফাটল
প্রকাশ: ৩০ জুন, ২০২৬, ১১:২৩ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক-

ধর্মীয় শিক্ষা, গবেষণা ও সামাজিক সেবার আধুনিক কেন্দ্র হিসেবে নির্মিতব্য কোটালীপাড়া মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের আগেই ফাটল দেখা দেওয়ায় নির্মাণমান নিয়ে প্রশ্ন উঠেছে। প্রায় ১২ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন প্রকল্পটির কাজ শুরু হওয়ার প্রায় সাত বছর পরও শেষ হয়নি।

সরেজমিনে দেখা গেছে, ভবনের বিভিন্ন দেয়াল ও প্লাস্টারে ছোট-বড় ফাটল রয়েছে। কোথাও পুরোনো প্লাস্টার কেটে নতুন করে মেরামতের কাজ চলছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও তদারকির ঘাটতির কারণেই উদ্বোধনের আগেই ভবনে এমন ত্রুটি দেখা দিয়েছে। এছাড়া সরকারি প্রকল্পের তথ্যসংবলিত বাধ্যতামূলক সাইনবোর্ডও সেখানে নেই।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের আওতায় ২০১৯ সালে কাজ শুরু হলেও নির্ধারিত ১৮ মাসে তা শেষ হয়নি। প্রথম ঠিকাদার কাজ ছেড়ে দিলে ২০২৩ সালে নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হয়। কিন্তু দুই বছরের বেশি সময় পার হলেও প্রকল্পটি এখনো অসমাপ্ত।

ঠিকাদারি প্রতিষ্ঠান এমডি বদরুল ইকবাল লিমিটেডের ম্যানেজার মাসুম বিল্লাহ দাবি করেন, ভবনের মূল কাঠামোতে কোনো সমস্যা নেই; ফাটল শুধু প্লাস্টারে, যা মেরামতযোগ্য। তবে প্রায় তিন কোটি টাকার বিল বকেয়া থাকায় কাজের গতি ব্যাহত হচ্ছে বলে জানান তিনি।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অন্যদিকে গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম খান জানান, ঠিকাদারকে ফাটল মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে এবং শিগগিরই সরেজমিনে বিষয়টি পরিদর্শন করা হবে।

স্থানীয়দের দাবি, শুধু দৃশ্যমান ফাটল মেরামত নয়, পুরো ভবনের স্বাধীন কারিগরি পরীক্ষা করে নির্মাণমান নিশ্চিত করতে হবে। তাদের মতে, দীর্ঘসূত্রতা, ঠিকাদার পরিবর্তন এবং উদ্বোধনের আগেই ভবনে ফাটল—সব মিলিয়ে প্রকল্পটি সরকারি উন্নয়নকাজে জবাবদিহি ও মান নিয়ন্ত্রণ নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে।

আওয়ার ইসলাম/জেডএম