
|
ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হাসপাতালে ভর্তি ৩৯
প্রকাশ:
৩০ জুন, ২০২৬, ১০:০৫ দুপুর
নিউজ ডেস্ক |
ময়মনসিংহ নগরীতে পুরোনো একটি গ্যাস সিলিন্ডার কাটার সময় বিস্ফোরণের ঘটনায় ছড়িয়ে পড়া তীব্র গ্যাসের গন্ধে অন্তত ৩৯ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে ঘটনাটিতে কোনো অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সোমবার (২৯ জুন) সন্ধ্যায় শহরের গুলপুকুর পাড় এলাকার মৈত্রী টাওয়ার সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিদর্শক (এসআই) জবায়দুল হক জানান, গ্যাসের তীব্র গন্ধে শ্বাসকষ্ট ও অসুস্থতা অনুভব করে ৩৯ জন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে অনেককে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হলেও কয়েকজন এখনো ভর্তি আছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. জানে আলম বলেন, একটি পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকে গ্যাস নির্গত হয়ে চারপাশে ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো আগুন লাগার ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, গ্যাস ছড়িয়ে পড়ার কারণে আশপাশের কয়েকটি ভবনের বাসিন্দারা শ্বাসকষ্ট ও অস্বস্তিতে ভুগে অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আওয়ার ইসলাম/জেডএম |