
|
‘কয়েক মাস ধরে সালমান নদভী বিতর্কিত মাসয়ালা-মাসায়েল থেকে বিরত ছিলেন’
প্রকাশ:
৩০ জুন, ২০২৬, ০৮:৫২ সকাল
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক- ভারতের বিশিষ্ট আলেমে দীন মাওলানা সালমান হোসাইনী নদভীর ইন্তেকালে শোক প্রকাশ এবং তার ইলমি ও দাওয়াতি খেদমতের প্রশংসা করেছেন আরেক মুসলিম স্কলার এবং মাওলানা মনজুর নোমানীর সাহেবজাদা মাওলানা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী। এক শোকবার্তায় সাজ্জাদ নোমানী বলেন, ‘হায়! মাওলানা সাইয়েদ সালমান হোসাইনি নদভীও রফিকে আ'লা বা চিরস্থায়ী জগতে পাড়ি জমালেন!’ তিনি মরহুমের জন্য দোয়া করে বলেন, ‘আমি কায়মনোবাক্যে দোয়া করি, আল্লাহ তাআলা মাওলানা সালমান নদভীর সকল সৎকর্মকে কবুল করুন এবং তাঁর চিন্তাগত ভুল-ত্রুটিগুলো ক্ষমা করে দিন। আমি মনে করি, যার শেষ পরিণতি তাহাজ্জুদ বা কিয়ামুল লাইলের (রাতের ইবাদত) ওপর হয়েছে, তাঁর সুন্দর সমাপ্তি বা ‘হুসনে খাতিমা’র আশা রাখা যায়।” মাওলানা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী আরও উল্লেখ করেন, তাঁর জানা মতে, বিগত কয়েক মাস ধরে ঘনিষ্ঠজনদের অনুরোধে মাওলানা সালমান হোসাইনী নদভী বিতর্কিত মাসয়ালা-মাসায়েল নিয়ে আলোচনা থেকে বিরত ছিলেন। তাঁর ভাষায়, ‘সম্ভবত তিনি নিজেও উপলব্ধি করেছিলেন যে, এসব বিতর্কে উম্মাহর কোনো কল্যাণ নেই।’ তিনি বলেন, ‘মাওলানা সালমান সাহেবের যেসব মতামতের সঙ্গে জমহুর বা অধিকাংশ আলেমে দীন একমত ছিলেন না, আমরাও সেসবের সঙ্গে একমত নই। তবে তাঁর অসংখ্য সৎকর্ম এবং দ্বীনি, ইলমি ও দাওয়াতি খেদমতের আমরা অত্যন্ত ভক্ত, যার সাক্ষী স্বয়ং এই যুগ।’ নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে মাওলানা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী বলেন, ‘আমি বিশেষ করে তাঁর একজন ঘনিষ্ঠ সঙ্গী হিসেবে তাঁর সেই সব সৎকাজের সাক্ষী।’ তিনি মরহুমের মাগফেরাত, জান্নাতুল ফিরদাউস নসিব এবং তাঁর পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের জন্য ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন। সূত্র: ইউএনএ নিউজ আওয়ার ইসলাম/জেডএম |