
|
জামিয়া কাসেম নানুতবী ঢাকায় দিনব্যাপী সিরাত কর্মশালা
প্রকাশ:
২৫ আগস্ট, ২০২৬, ০১:২৯ দুপুর
নিউজ ডেস্ক |
পবিত্র ১২ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরী (২৬ আগস্ট ২০২৬, বুধবার) উপলক্ষে রাজধানীর রামপুরায় অবস্থিত ‘জামিয়া কাসেম নানুতবী ঢাকা’-র উদ্যোগে দিনব্যাপী ব্যতিক্রমধর্মী সিরাত কর্মশালা ও ‘মাহফিলে ইশকে নবী (সা.)’ আয়োজিত হতে যাচ্ছে। প্রশিক্ষণে অংশ নেবেন প্রতিশ্রুতিশীল লেখক ও সিরাত গবেষক ওলামায়ে কেরাম। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত। এবং বিজয়ীদের জন্য থাকবে বিশেষ পুরস্কার। জানা যায়, আগামীকাল (২৬ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই বিশেষ সিরাত কর্মশালা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটির উদ্বোধন করবেন বরেণ্য লেখক, সিরাত গবেষক ও শিক্ষক মাওলানা ইয়াহ্ইয়া ইউসুফ নদবী। কর্মশালা শেষে বাদ মাগরিব থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘মাহফিলে ইশকে নবী (সা.)’। এতে ‘ইশকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আমাদের সালাফ’ বিষয়ে সিরাতভিত্তিক মূল আলোচনা পেশ করবেন জামিয়া কাসেম নানুতবী ঢাকার শাইখুল হাদিস, বরেণ্য লেখক ও সিরাত গবেষক মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন। আরও জানা যায়, এ কর্মশালায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ৬৩ বছরের জীবনকে তিন সেশনে আলোচনা করা হবে: ১. নবীজি (সা.)-এর জন্ম থেকে নবুওয়াত: ধারাবাহিক ঘটনা ও শিক্ষা। ২. নবীজি (সা.)-এর নবুওয়াত থেকে হিজরত: ধারাবাহিক ঘটনা ও শিক্ষা। ৩. নবীজি (সা.)-এর হিজরত থেকে ওফাত: ধারাবাহিক ঘটনা ও শিক্ষা। কর্মশালার প্রধান বৈশিষ্ট্য হিসেবে আয়োজকরা জানিয়েছেন, প্রতি সেশনে সহজ উপস্থাপনার পাশাপাশি থাকবে সমৃদ্ধ লেকচার শিট ও চিত্রের মাধ্যমে বিষয়বস্তু ফুটিয়ে তোলার ব্যবস্থা। এবং সেশন শেষে উপস্থিত পরীক্ষা এবং বিজয়ীদের জন্য থাকবে বিশেষ পুরস্কার। এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে মাহফিলে নাত পরিবেশন করবেন কলরবশিল্পী মাওলানা ইমতিয়াজ উদ্দীন মাসরুর, নাতশিল্পী মাওলানা মুস্তাকিম বিল্লাহ মাকনুনসহ অন্যান্য জনপ্রিয় শিল্পীবৃন্দ । কর্মশালার সার্বিক স্পন্সরশিপে রয়েছে ‘সিরাত রিসার্চ ইনস্টিটিউট (SRI)’ এবং শুভেচ্ছান্তে রয়েছেন জামিয়া কাসেম নানুতবী ঢাকার মুহতামিম মুফতী ইমদাদুল ইসলাম। যাতায়াত ও স্থান: ঢাকার যেকোনো স্থান থেকে রামপুরা টিভি সেন্টারের ঠিক বিপরীতে, মেইন রোডের ওপরেই অবস্থিত (৩৯০/ওসি, পশ্চিম রামপুরা,) জামিয়া কাসেম নানুতবী ঢাকা। যেকোনো তথ্যের জন্য ০১৭১৬৮০১২৭৬ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। আরএইচ/ |