
|
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস
প্রকাশ:
২০ আগস্ট, ২০২৬, ০৯:০৯ রাত
নিউজ ডেস্ক |
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ড. ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক যাত্রা পাঁচ দশকেরও বেশি সময় ধরে এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তার সাংগঠনিক দক্ষতা, প্রজ্ঞা, সংকটময় সময়ে নেতৃত্ব এবং তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপক অভিজ্ঞতা তাকে দেশের জাতীয় রাজনীতিতে একজন স্বতন্ত্র ব্যক্তিত্ব হিসাবে প্রতিষ্ঠিত করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বলেন, আমি বিশ্বাস করি, একজন শিক্ষাবিদ, একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং নীতিবান ব্যক্তি হিসাবে, তিনি এই নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক অফিসের মর্যাদাকে আরও সমুন্নত রাখবেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ বৃহত্তর সমৃদ্ধি, ন্যায়বিচার ও গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করছি। আমি মহামান্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি এবং দায়িত্ব পালনে তার সাফল্য কামনা করি। জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। এই ভোটে বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আইও/ |