খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা
প্রকাশ: ২০ আগস্ট, ২০২৬, ১২:১৬ দুপুর
নিউজ ডেস্ক

খুলনা মহানগরীতে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত এক সপ্তাহে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় নগরীর চারটি ওয়ার্ডকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বা ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।

কেসিসির সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ৩০, ২৯, ২৮ ও ২২ নম্বর ওয়ার্ডে চলতি মৌসুমে মোট ২৮৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩০ নম্বর ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ১১১ জন। ২৯ নম্বর ওয়ার্ডে ১০০, ২৮ নম্বর ওয়ার্ডে ৮০ এবং ২২ নম্বর ওয়ার্ডে ৭৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

অন্যদিকে, ১৭, ১৮, ২৩, ২৪ ও ২৭ নম্বর ওয়ার্ডকে মাঝারি ঝুঁকির ‘কমলা জোন’ ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় মোট ২৬৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আর ১৫, ২০, ২৫ ও ৩১ নম্বর ওয়ার্ডকে কম ঝুঁকির ‘হলুদ জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব ওয়ার্ডে আক্রান্ত হয়েছেন ১১৭ জন।

এদিকে হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৩৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৩ জন। শুধু খুমেক হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৩৫ জন। বর্তমানে এই হাসপাতালে ১২৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

হাসপাতালে শয্যার সংকটও দেখা দিয়েছে। ডেঙ্গু ওয়ার্ডে জায়গা না পেয়ে কয়েকজন রোগীকে হাসপাতালের বারান্দায় অন্য রোগীদের সঙ্গে মশারি টাঙিয়ে চিকিৎসা নিতে দেখা গেছে।

খুলনা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে খুমেক হাসপাতালে পাঁচজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বুধবারের আগের ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়। চলতি বছর এখন পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৪ জন খুলনা জেলার এবং একজন বাগেরহাটের বাসিন্দা।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শেখ মো. মোশারফ হোসেন জানান, ১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৮২৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ২৬৭ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৫০২ জন চিকিৎসাধীন এবং উন্নত চিকিৎসার জন্য ৩৯ জনকে অন্যত্র পাঠানো হয়েছে।

খুমেক হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আখতারুজ্জামান বলেন, প্রতিদিন ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। পর্যাপ্ত শয্যা না থাকায় রোগী ভর্তি করাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

পরিস্থিতি মোকাবিলায় মশকনিধন কার্যক্রম জোরদার করেছে কেসিসি। প্রতিটি ওয়ার্ডে ১০টি ফগার মেশিন ও হ্যান্ড স্প্রের মাধ্যমে মশকনিধন করা হচ্ছে। উন্মুক্ত স্থান ও বড় নালায় মশকনিধনের জন্য প্রতিটি ওয়ার্ডে একটি করে হুইল ব্যারো ফগার মেশিনও ব্যবহার করা হচ্ছে।

কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শরীফ শাম্মীউল ইসলাম জানান, নগরীর বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার থেকে পাওয়া ডেঙ্গু শনাক্তের তথ্যের ভিত্তিতেই ওয়ার্ডভিত্তিক আক্রান্তের তালিকা তৈরি করা হয়েছে। আক্রান্তের সংখ্যা বিবেচনায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মশকনিধন কার্যক্রম বাড়ানো হয়েছে।

এ ছাড়া ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে ব্যক্তিগত ও বাণিজ্যিক স্থাপনায় অভিযান এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে কেসিসির কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটিও বাতিল করা হয়েছে।

কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই খুলনায় ডেঙ্গুর ভয়াবহ প্রকোপের আশঙ্কা জানিয়েছিল। আগামী দুই থেকে তিন মাসও ডেঙ্গুর প্রকোপ থাকার আশঙ্কা রয়েছে। এ কারণে মশকনিধন, সচেতনতামূলক প্রচারণা ও হাসপাতালগুলোতে মনিটরিং জোরদার করা হয়েছে।

আরএইচ/