আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া
প্রকাশ: ২০ আগস্ট, ২০২৬, ০৯:৪৬ সকাল
নিউজ ডেস্ক

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতা প্রথম স্হান অর্জন করেছেন বাংলাদেশি হাফেজ নুরুউদ্দিন জাকারিয়া। ৩০ পারা গ্রুপের তৃতীয় স্হান অধিকার করেছেন হাফেজ মাহমুদুল হাসান আশরাফী।

গতকাল বুধবার (১৯ আগস্ট) মক্কার মসজিদুল হারামে কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসীর প্রতিযোগিতার ফাইনাল অধিবেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন  হয়েছে।

আন্তর্জাতিক এ মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশের প্রতিনিধি ও আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার কৃতী ছাত্র হাফেজ নুরুদ্দীন জাকারিয়া।

পবিত্র কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসিরভিত্তিক এ প্রতিযোগিতায় এবার বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন পুরুষ ও নারী অংশ গ্রহণ করেন। আয়োজকদের মতে, এটি প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ অংশগ্রহণ।

মুসলিম তরুণদের পবিত্র কোরআন মুখস্থ করা, এর মর্মার্থ অনুধাবন এবং কোরআনের শিক্ষার প্রতি আগ্রহী করে তোলাই এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। পাশাপাশি কোরআনের খাদেম ও হাফেজদের সম্মান জানানো এবং এ ক্ষেত্রে সৌদি আরবের ভূমিকা তুলে ধরাও এর অন্যতম লক্ষ্য।

এবারের আসরে প্রথমবারের মতো নারী প্রতিযোগীদের জন্য পৃথক প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। তাদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে মক্কার হিলটন হোটেল অ্যান্ড কনভেনশনে। অন্যদিকে পুরুষদের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পবিত্র মক্কার মসজিদুল হারামে।

পাঁচটি বিভাগে অনুষ্ঠিত হওয়া এ আন্তর্জাতিক প্রতিযোগিতার মোট পুরস্কারমূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ২ লাখ ৬০ হাজার সৌদি রিয়াল, যা প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ।

আরএইচ/