টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত
প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৬, ০৬:০৬ বিকাল
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

টানা বৃষ্টির কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় উপমহাদেশের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দারুল উলুম দেওবন্দের দফতরে ইকামত (আবাসিক শাখা) থেকে এ-সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টানা বৃষ্টির কারণে ‘বাবুজ জাহির’ ভবনের ছাদের একটি অংশ ধসে পড়েছে। এতে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়াতে আগামী এক-দুই দিনের মধ্যে ভবনটি ভেঙে ফেলা হবে।

এ অবস্থায় ভবনটিতে অবস্থানরত সব শিক্ষার্থীকে দ্রুত নিজ নিজ কক্ষ খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া যেসব কক্ষে তালা দেওয়া রয়েছে, সেসব কক্ষের শিক্ষার্থীদের দ্রুত এসে তালা খুলে নিজেদের প্রয়োজনীয় সব মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দারুল উলুম দেওবন্দ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই ঝুঁকিপূর্ণ ভবনটি অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইও/