
|
সীতাকুণ্ডে শিপইয়ার্ডকে ৫ লাখ টাকা জরিমানা
প্রকাশ:
১৯ আগস্ট, ২০২৬, ০৫:১৫ বিকাল
নিউজ ডেস্ক |
পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করেই স্ক্র্যাপ জাহাজ কাটার অভিযোগে সীতাকুণ্ডের আলোচিত ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজকে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ছাড়পত্র নবায়ন না হওয়া পর্যন্ত ইয়ার্ডে থাকা ‘এমটি রাসি’ জাহাজটির সব ধরনের কাটিং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (১৯ আগস্ট) পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ে শুনানি শেষে চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জমির উদ্দিন এ আদেশ দেন। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার এইচ আকবর আলী সড়কে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের ইয়ার্ডে অবস্থানরত ‘এমটি রাসি’ জাহাজটি পরিবেশগত ছাড়পত্র নবায়ন ছাড়াই কাটিং করা হচ্ছিল। চট্টগ্রাম জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সরেজমিন পরিদর্শন ও নথিপত্র পর্যালোচনায় বিষয়টি ধরা পড়ে। পরে প্রতিষ্ঠানটির প্রতিনিধিকে তলব করে শুনানি করা হয়। শুনানিতে নবায়নকৃত পরিবেশগত ছাড়পত্র ছাড়া জাহাজ কাটার বিষয়টি প্রমাণিত হওয়ায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ৭ অনুযায়ী অনুমোদিত পরিবেশগত ক্ষতি নিরূপণ পদ্ধতিতে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। আগামী সাত কর্মদিবসের মধ্যে সরকারি কোষাগারে নির্ধারিত চালানের মাধ্যমে এ অর্থ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদেশে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ক্ষতিপূরণের অর্থ পরিশোধ না করলে কিংবা আদেশ বাস্তবায়নে ব্যর্থ হলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। এর আগে, ইয়ার্ড কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছিল, সংশ্লিষ্ট জাহাজটির পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ মাত্র দুদিন আগে শেষ হয়েছে। সময়মতো তা নবায়ন করা সম্ভব হয়নি। ওয়াহিদ ফেরদৌস শিপইয়ার্ডের দায়িত্বশীল কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, ইয়ার্ডের জন্য যেমন পরিবেশগত ছাড়পত্র প্রয়োজন, তেমনই প্রতিটি জাহাজের জন্যও পরিবেশগত ছাড়পত্র নিতে হয়। সংশ্লিষ্ট জাহাজটির ছাড়পত্রের মেয়াদ মাত্র দুদিন আগে শেষ হয়েছে। আবারও নবায়ন করা সম্ভব হয়নি। এ কারণে পরিবেশ অধিদপ্তর আমাদের পাঁচ লাখ টাকা জরিমানা করেছে। তিনি বলেন, তবে পরিবেশ অধিদপ্তরের নথিতে বলা হয়েছে, ছাড়পত্র নবায়ন না করে জাহাজ কাটার মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি হয়েছে বলে শুনানিতে প্রমাণিত হয়েছে। তাই জরিমানার পাশাপাশি ছাড়পত্র নবায়ন না হওয়া পর্যন্ত জাহাজটির কাটিং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সীতাকুণ্ডের জাহাজভাঙা শিল্পে সাম্প্রতিক সময়ে একাধিক দুর্ঘটনা ও ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। এর মধ্যে ছাড়পত্র নবায়ন না করেই জাহাজ কাটার ঘটনায় জরিমানা নতুন করে ইয়ার্ডগুলোর পরিবেশগত কমপ্লায়েন্স নিয়ে প্রশ্ন তুলেছে। আইও/ |