
|
`ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ডের অজুহাতে জনগণকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করবেন না'
প্রকাশ:
১৯ আগস্ট, ২০২৬, ১২:৪৪ দুপুর
নিউজ ডেস্ক |
বর্তমান সরকারের ছয় মাসের কার্যক্রমে দেশের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের কোনো বাস্তব পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ। তিনি অভিযোগ করেন, জনগণের মৌলিক সমস্যাগুলোর সমাধান না করে উল্টো ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের অজুহাতে অতিরিক্ত কর আরোপের পাঁয়তারা চলছে। এ ধরনের উদ্যোগে জনগণকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার সুযোগ নেই বলেও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। রাজধানীর একটি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নিয়মিত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নগর সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি তুলে ধরে নগর সভাপতি বলেন, সমগ্র দেশ আজ তীব্র লোডশেডিং এবং বিদ্যুৎ, গ্যাস, পানি ও জ্বালানি তেলের সংকটে চরম অতিষ্ঠ হয়ে উঠেছে। অথচ এসব বাস্তব সমস্যা সমাধানের কোনো কার্যকর উদ্যোগ সরকারের পক্ষ থেকে দেখা যাচ্ছে না। আইনশৃঙ্খলার অবনতি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়েও চরম উদ্বেগ প্রকাশ করেন শেখ ফজলুল করীম মারুফ। তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য জনমনে মারাত্মক ভীতি তৈরি করেছে। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি। নগরবাসীর নিরাপত্তা রক্ষায় অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হলে সাধারণ মানুষ যেকোনো সময় আন্দোলনে নামতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন এই নেতা। সভায় সংগঠনের প্রচার সম্পাদক প্রভাষক শফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। টিএইচএ/ |