
|
আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিচ্ছে ইসরায়েল!
প্রকাশ:
১৯ আগস্ট, ২০২৬, ০৯:৩৫ সকাল
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক পবিত্র মসজিদুল আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দেওয়ার বিষয়ে নতুন পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। প্রথমবারের মতো ইহুদি প্রার্থনাপুস্তক নিয়ে মুসলিমদের পবিত্র এ স্থানে প্রবেশ ও প্রার্থনার সুযোগ দেওয়া হয়েছে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরও বিষয়টি নিশ্চিত করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, রোববার কয়েকজন ইহুদি মসজিদুল আকসা প্রাঙ্গণে প্রার্থনাপুস্তক নিয়ে প্রবেশ করেন এবং সেখানে প্রার্থনা করেন। এর আগে ইহুদিদের এ ধরনের প্রার্থনাপুস্তক নিয়ে প্রবেশের অনুমতি ছিল না। বেন-গভিরের ভাষ্য অনুযায়ী, এটি এখনো সবার জন্য সাধারণ অনুমতি নয়; বরং প্রাথমিকভাবে একটি পরীক্ষামূলক পদক্ষেপ হিসেবে নেওয়া হয়েছে। তবে ফিলিস্তিনি ও মুসলিম কর্মকর্তারা এই পদক্ষেপকে আল-আকসার দীর্ঘদিনের ‘স্ট্যাটাস কো’ বা প্রচলিত ব্যবস্থার আরও একটি লঙ্ঘন হিসেবে দেখছেন। প্রতিবেদন অনুযায়ী, ইহুদিরা সাধারণত ‘সিদ্দুর’ নামে পরিচিত প্রার্থনাপুস্তক নিয়ে মসজিদুল আকসা প্রাঙ্গণে প্রবেশ করতে পারতেন না। কিন্তু সাম্প্রতিক ঘটনায় ইসরায়েলি পুলিশ তাদের প্রার্থনাপুস্তক নিয়ে প্রবেশ এবং তা ব্যবহার করে প্রার্থনার অনুমতি দেয়। এ ঘটনায় ইহুদিদের মসজিদুল আকসা প্রাঙ্গণে ধর্মীয় আচার পালনের বিষয়টি আরও প্রকাশ্য হয়ে উঠেছে। এর আগে বিভিন্ন সময়ে ব্যক্তিগতভাবে বা অনানুষ্ঠানিকভাবে ইহুদি প্রার্থনার ঘটনা ঘটলেও নতুন পদক্ষেপটিকে তার চেয়ে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। মসজিদুল আকসা মুসলিমদের অন্যতম পবিত্র স্থান। দীর্ঘদিন ধরে প্রচলিত ব্যবস্থায় মুসলিমরা সেখানে ইবাদত করেন এবং অমুসলিমরা নির্দিষ্ট নিয়মে দর্শনার্থী হিসেবে প্রবেশ করতে পারেন; ইহুদিদের ধর্মীয় প্রার্থনা সেখানে অনুমোদিত ছিল না। ফিলিস্তিনের বিভিন্ন পক্ষের অভিযোগ, ইহুদিদের প্রকাশ্য প্রার্থনার সুযোগ দেওয়ার মাধ্যমে ইসরায়েল ধীরে ধীরে আল-আকসার প্রচলিত ব্যবস্থায় পরিবর্তন আনার চেষ্টা করছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের জেরুজালেমবিষয়ক বিভাগ বেন-গভিরের এ পদক্ষেপের নিন্দা করে এটিকে আল-আকসার ধর্মীয় বিভাজন চাপিয়ে দেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করেছে। এদিকে জর্ডানসহ আরব ও মুসলিম বিশ্বের বিভিন্ন পক্ষও আল-আকসার ঐতিহাসিক ও ধর্মীয় অবস্থান পরিবর্তনের যেকোনো প্রচেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। মসজিদুল আকসাকে ঘিরে ইসরায়েলি ডানপন্থীদের তৎপরতা সাম্প্রতিক বছরগুলোতে আরও বেড়েছে। জুলাইয়েও বেন-গভিরের নেতৃত্বে শত শত ইহুদি আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে ধর্মীয় আচার পালন করেছিলেন। সূত্র: রোজনামায়ে জং আইও/ |