
|
জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল
প্রকাশ:
১৮ আগস্ট, ২০২৬, ০৮:১৩ রাত
নিউজ ডেস্ক |
চলমান জ্বালানি সংকট মোকাবেলায় কাতারের সহযোগিতা চাইতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল দুই দিনের সরকারি সফরে দেশটির উদ্দেশে ঢাকা ছেড়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশে রওনা হন পররাষ্ট্রমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সফরকালে বাংলাদেশের প্রতিনিধি দল কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রাহমান বিন জসিম আল থানিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবে বলে জানা গেছে। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি বাংলাদেশের চলমান জ্বালানি সংকট মোকাবেলায় কাতারের সহযোগিতা চাওয়া হতে পারে। বিশেষ করে জ্বালানি সরবরাহ ও সংশ্লিষ্ট সহযোগিতার বিষয়ে কাতারের সঙ্গে আলোচনা গুরুত্ব পেতে পারে। এ ছাড়া সফরে বাংলাদেশ-কাতার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, বিনিয়োগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উচ্চপর্যায়ের এ সফর দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনে ভূমিকা রাখবে। আইও/ |