
|
লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশির মৃত্যু
প্রকাশ:
১৮ আগস্ট, ২০২৬, ০৪:২৬ দুপুর
নিউজ ডেস্ক |
যুক্তরাজ্যের ইস্ট লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম আহমদ (৪০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সময় রাত সাড়ে ৩টার দিকে ইস্ট লন্ডন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাছুম সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব কারিকোনা গ্রামের আমির আলীর ছেলে। মাছুমের পরিবার সূত্রে জানা যায়, ছোটবেলা থেকে মাছুম যুক্তরাজ্যে বসবাস করতেন। তিনি বেশ কয়েকবার দেশে এসেছিলেন। তার একটি মেয়ে আছে। মাছুমের দুই ভাই ও দুই বোনও যুক্তরাজ্যে বসবাস করেন। নিহতের ছোট ভাই মানিক মিয়া জানান, লন্ডনের স্থানীয় সময় রাত ৪টার দিকে হঠাৎ পুলিশ এসে বাসার দরজায় নক করে। দরজা খুলে দিলে তারা জানতে চান, এটা মাছুমের বাসা কি না, উত্তরে হ্যাঁ বললে তারা মাছুমের ছবি দেখতে চান। পুলিশ সদস্যদের ছবি দেখালে তারা জানালেন, মাছুম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। মারুফ বলেছেন, ‘কেন আমার ভাইকে হত্যা করা হয়েছে, তা এখনো জানতে পারিনি।’ মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে বলে জানালেন তিনি। মাছুমের বাবা আমির আলীর ভাষ্য, আজ সকাল সাড়ে ১১টার দিকে যুক্তরাজ্য থেকে আমার ছোট ছেলে মারুফ কল করে বিষয়টি জানায়। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। এসএইচ/ |