স্বপ্নবান ৩০ জন মুয়াজ্জিনের সঙ্গে শায়খ আহমাদুল্লাহর এক বিকেল
প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৬, ০৫:৫৮ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

আজানের সুরকে আরও শুদ্ধ, সুন্দর ও হৃদয়গ্রাহী করে তুলতে এবং মুয়াজ্জিনদের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে ১৫ দিনব্যাপী আজান প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। কর্মশালার প্রথম ব্যাচের ৩০ জন স্বপ্নবান মুয়াজ্জিনের সঙ্গে চমৎকার একটি বিকেল কাটানোর অভিজ্ঞতা জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

সোমবার (১৭ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ বলেন, আস-সুন্নাহর আযান প্রশিক্ষণে অংশ নেওয়া ৩০ জন স্বপ্নবান মুয়াযযিনের সঙ্গে কেটেছে এক চমৎকার বিকেল। এ সময় প্রশিক্ষণার্থীদের নানা অভিজ্ঞতা ও স্বপ্নের কথাও শোনেন তিনি।

মুয়াজ্জিনদের মর্যাদা প্রসঙ্গে শায়খ আহমাদুল্লাহ বলেন, ইসলামে মুয়াজ্জিনদের বিশেষ মর্যাদা ও ফজিলত রয়েছে। অথচ বাস্তব জীবনে সমাজে অনেক সময় সম্মানিত এই মানুষগুলো যথাযথ মূল্যায়ন ও মর্যাদা থেকে বঞ্চিত হন।

তিনি বলেন, অথচ আমাদের দেশে সম্মানিত এই মানুষগুলোকে অনেকটা অবহেলার চোখেই দেখা হয়। তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই আস-সুন্নাহ ফাউন্ডেশন ১৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে।

কর্মশালার প্রথম ব্যাচের ৩০ জন প্রশিক্ষণার্থীকে নিয়ে শায়খ আহমাদুল্লাহ বলেন, প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা ও আত্মবিশ্বাস আরও বাড়বে বলে তিনি আশাবাদী। ‘আমরা আশা করছি, এই প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা ও আত্মবিশ্বাস অনেকগুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ,’-বলেন তিনি।

আইও/