
|
সরকারের ছয় মাসের মূল্যায়ন ও পাঁচ পরামর্শ পীর সাহেব চরমোনাইয়ের
প্রকাশ:
১৭ আগস্ট, ২০২৬, ০৫:৪৩ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাসে প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে বিস্তর ফারাক তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। সোমবার (১৭ আগস্ট) সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, আশার আলো ক্রমান্বয়ে ফিকে হচ্ছে; প্রত্যাশা ও প্রাপ্তির মাঝে বিস্তর ফারাক। পীর সাহেব চরমোনাই বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও এর মাধ্যমে গঠিত সরকার দেশের গতানুগতিক কোনো নির্বাচন বা সরকার নয়। স্বাধীনতার ৫৪ বছরে রাষ্ট্রের বিভিন্ন স্তরে জমে থাকা জঞ্জাল দূর করার তীব্র আকাঙ্ক্ষা থেকে জন্ম নেওয়া গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও স্বপ্ন পূরণের দায়িত্ব নিয়ে এই সরকার গঠিত হয়েছে। তিনি বলেন, পরিবর্তন ও প্রত্যাশার সেই রক্তস্নাত পটভূমি বিবেচনায় নিলে সরকারের ছয় মাসের কর্মকাণ্ডে প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে বড় ধরনের ব্যবধান দেখা যাচ্ছে। সবচেয়ে কষ্টের বিষয় হলো, মানুষের আশার আলো ক্রমেই ফিকে হয়ে আসছে। ইসলামী আন্দোলনের আমির বলেন, ১৫ বছরের ফ্যাসিস্ট শাসনের পর দায়িত্ব নেওয়া একটি সরকারের মূল্যায়নের জন্য ছয় মাস হয়তো যথেষ্ট সময় নয়। তবে ছয় মাস কোনো অর্থেই কম সময় নয়। এটি সরকারের মেয়াদের প্রায় এক-দশমাংশ। তিনি বলেন, এই সময়ে সরকারের সব ক্ষেত্রে সফলতা প্রত্যাশা করা না হলেও সরকারের কাজের সূচনা, পদ্ধতি ও দিকনির্দেশনা বোঝা যায়। সেই বিবেচনায় বিশেষ করে সংস্কারের বিষয়ে সরকারের অবস্থান জনগণের মধ্যে হতাশা তৈরি করেছে। পীর সাহেব চরমোনাই অভিযোগ করেন, জুলাই সনদের ওপর অনুষ্ঠিত গণভোটকে কার্যত বাতিল করে দেওয়া হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রকে স্বৈরাচারী হয়ে ওঠা থেকে রক্ষা করার লক্ষ্যে জারি করা কয়েকটি অধ্যাদেশও বাতিল করা হয়েছে। তিনি বলেন, এসবের বিকল্প হিসেবে কোনো কোনো ক্ষেত্রে নতুন আইন করা হলেও আগের সমস্যার কার্যকর সমাধান হয়নি। এসব পদক্ষেপ জুলাইয়ে রাজপথে নেমে আসা অরাজনৈতিক ছাত্র-জনতার প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা মনে করি, জনপ্রত্যাশাকে উপেক্ষা করার পরিণতি ভালো হয় না। আজকেই হয়তো মানুষ মাঠে নামবে না, কিন্তু রাজনৈতিক নেতৃত্বের প্রতি তারা আস্থা হারিয়ে ফেলবে। তবে সরকারের কিছু উদ্যোগ ও প্রচেষ্টার প্রশংসাও করেন ইসলামী আন্দোলনের আমির। তিনি বলেন, বিশেষ করে সরকারপ্রধানের দৃশ্যমান আচরণ ও ব্যতিব্যস্ততা ইতিবাচক কিছুর ইঙ্গিত দেয়। সরকারের অন্য দায়িত্বশীলদের কাছ থেকেও একই ধরনের ভূমিকা প্রত্যাশা করেন তিনি। সরকারের প্রতি পাঁচটি পরামর্শ দিয়ে পীর সাহেব চরমোনাই বলেন— জুলাই সনদ ও জুলাই গণভোট বাস্তবায়ন করতে হবে। দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর কার্যকর ব্যবস্থা নিতে হবে। গণহারে দলীয়করণ করা যাবে না। ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। পাচার করা অর্থ উদ্ধারে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে। সবশেষে তিনি বলেন, আমরাও চাই এই সরকার সফল হোক। দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আইও/ |