
|
ঢাবির ফজলুল হক হলের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন
প্রকাশ:
১৭ আগস্ট, ২০২৬, ০৩:২৬ দুপুর
নিউজ ডেস্ক |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে রোববার (১৬ আগস্ট) সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। কমিটির সদস্যরা হলেন- সহকারী প্রক্টর অধ্যাপক ড. শান্টু বড়ুয়া, সহকারী প্রক্টর ড. এনামুল হক সজীব ও সহকারী প্রক্টর মীর মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আলী। ফজলুল হক মুসলিম হলের সহকারী আবাসিক শিক্ষক ড. মো. আল আমীন সিকদার কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের এক শিক্ষার্থীকে প্রভোস্টের কক্ষে আটকে রেখে ভয়ভীতি দেখানো ও জোর করে বক্তব্য নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুনের পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা। এ দাবিকে কেন্দ্র ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ হয়। আইও/ |