ক্বারী আবু রায়হানের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় খেলাফত মজলিস
প্রকাশ: ২৪ জুন, ২০২৬, ১১:৪২ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক-

জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ মাদরাসার সিনিয়র শিক্ষক, আন্তর্জাতিক ক্বেরাত সংস্থার সভাপতি ও বিশিষ্ট ক্বারী মাওলানা আবু রায়হানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

মঙ্গলবার (২৩ জুন) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ময়মনসিংহে নিজ গ্রামের বাড়িতে অবস্থানকালে স্থানীয় সন্ত্রাসীরা ক্বারী মাওলানা আবু রায়হানের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। এ ঘটনায় দেশব্যাপী আলেম-উলামা ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নেতৃদ্বয় বলেন, ক্বারী আবু রায়হান একজন প্রথিতযশা ক্বারী, দক্ষ শিক্ষাবিদ এবং দীর্ঘদিন ধরে কুরআনের খেদমতে নিয়োজিত একজন সম্মানিত ব্যক্তিত্ব। স্থানীয় বিরোধকে কেন্দ্র করে তার ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়, উদ্বেগজনক এবং আইনশৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ।

বিবৃতিতে হামলাকারীদের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় ও প্রভাব খাটানোর অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। একই সঙ্গে তারা বলেন, সন্ত্রাসী যে দলেরই হোক না কেন, তাদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

খেলাফত মজলিসের শীর্ষ দুই নেতা আরও বলেন, সাধারণ মানুষের জানমাল ও সম্মানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে রাজনৈতিক আধিপত্যবাদ, পেশীশক্তির ব্যবহার এবং প্রভাব বিস্তারের সংস্কৃতির কোনো স্থান থাকতে পারে না। একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনের স্বার্থে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি।

তারা আহত ক্বারী মাওলানা আবু রায়হানের দ্রুত সুস্থতা কামনা করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

জেডএম/