দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই
প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৬, ০৯:৩৭ সকাল
নিউজ ডেস্ক

কুষ্টিয়া প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, ‘ব্যক্তির পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয়নি। আদর্শের পরিবর্তন হয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ কী চায়? বাংলাদেশের মাটিতে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা। কোনো আমেরিকার রক্তচক্ষু, কোনো ভারতের রক্তচক্ষু বাংলাদেশে থাকবে না।’

রোববার (১৬ আগস্ট) বিকেলে কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের সভাকক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের অনিয়ম-দুর্নীতি প্রসঙ্গে ফয়জুল করীম বলেন, ‘যে ব্যক্তি দুর্নীতিবাজ, সে কী দুর্নীতি বন্ধ করতে পারে? দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না। দুই নম্বর ওস্তাদের কাছে এক নম্বর ছাত্র গঠন হয় না। দুই নম্বর নেতার কাছে দেশ কখনো এক নম্বর হতে পারে না।’

তিনি বলেন, দেশে বারবার শাসক ও ক্ষমতার পরিবর্তন হয়েছে। কিন্তু দুর্নীতি, চুরি ও অনিয়ম বন্ধ হয়নি। তার ভাষায়, ‘একজনের নাম এ, একজনের নাম বি, আরেকজনের নাম সি—তিনজনই চোর। এ ক্ষমতায় এলে তাকে হঠিয়ে বি-কে বসানো হয়। এরপর আবার আন্দোলন-সংগ্রাম করতে হয়। কারণ ব্যক্তির পরিবর্তন হয়েছে, কিন্তু নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি।’

সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ‘আমাদের দেশে বারবার পরিবর্তন হয়েছে। ব্রিটিশের শাসন পরিবর্তন করেছি, পাকিস্তানকে পরিবর্তন করেছি, বিগত ২৪-এর শাসন পরিবর্তন করেছি। এরপর আবার নতুন শাসন বসিয়েছি। কয়েক মাস হয়ে গেল, কিন্তু আমরা দুর্নীতি বন্ধ করতে পারিনি, চুরি বন্ধ করতে পারিনি। শাসক বারবার পরিবর্তন হয়, কিন্তু আমাদের দুর্নীতির পরিবর্তন হয়নি।’

দলীয় রাজনীতিতে দুর্নীতির সমালোচনা করে ফয়জুল করীম বলেন, ‘আমাদের মূল নেতারা হলো দুর্নীতিগ্রস্ত। দলের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। আমরা দল কেন করি? দল করি দুর্নীতির জন্য—এদেশে চাঁদাবাজি আমি করব, এই এলাকার চাঁদা আমি তুলব, এই ঘাট আমি দখল করব। যদি উদ্দেশ্য এমন হয়, তাহলে দেশে শান্তি আসবে কীভাবে?’

তিনি বলেন, এ ধরনের রাজনীতির কারণে কিছুসংখ্যক মানুষের আর্থিক পরিবর্তন হলেও অধিকাংশ মানুষের জীবনে পরিবর্তন আসবে না।

দেশের রাজনৈতিক পরিবর্তন প্রসঙ্গে ফয়জুল করীম বলেন, ‘শেখ হাসিনাকে পরিবর্তন করা সম্ভব—মানুষ একসময় তা ভাবতেই পারেনি। কিন্তু হঠাৎ হয়ে গেছে। জনগণ যদি কাল মনে করে ইসলামী ঐক্যমত কায়েম করবে, তাহলে কালকেও হতে পারে। এটা অসম্ভব কিছু নয়। মানুষের মন বদলের জন্য এক সেকেন্ডই যথেষ্ট।’

সম্মেলন শেষে খোকসা উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম। এতে আলহাজ আনোয়ার খানকে সভাপতি এবং মাওলানা নজরুল ইসলামকে সেক্রেটারি করা হয়েছে।

আরএইচ/