দিনাজপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৬, ০৮:৪৬ রাত
নিউজ ডেস্ক

দিনাজপুর ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, দিনাজপুর শহরের নয়নপুর এলাকার জুলফিকার আলীর ভুট্টু ছেলে রিফাত (ইমন), একই এলাকার কামরুজ্জামান বাবলুর ছেলে এন্তাজুল হক সোহাগ।

রোববার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের জালিয়াপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর মহাসড়কের জালিয়াপাড়া এলাকায় ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় মোটরসাইকেলচালক ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা মোটরসাইকেলের পেছনে থাকা অপর আরোহীকে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

কোতোয়ালি থানার এসআই ইব্রাহিম বলেন, মৃতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ দুটি শনাক্ত করেছেন। আইনানুগ প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করার পর মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আইও/