মুরাদনগরে ওলামা পরিষদ ও থানা প্রশাসনের যৌথ উদ্যোগে মাদকবিরোধী সভা-র‍্যালি
প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৬, ০৬:৪৩ বিকাল
নিউজ ডেস্ক

কুমিল্লা প্রতিনিধি

মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে থানা প্রশাসন ও উপজেলা কওমি মাদরাসা ওলামা পরিষদের যৌথ উদ্যোগে মাদকবিরোধী সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) উপজেলা কওমি মাদরাসা ওলামা পরিষদের সভাপতি হাফেজ আমিনুল ইসলামের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে জামিয়া ইসলামিয়া মুজাফফারুল উলূম, মুরাদনগরের প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক ও মুরাদনগর থানা সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডি আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে হাফেজ আমিনুল ইসলাম বলেন, ‘মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজকে নিঃশেষ করে দেয়। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষা করতে আলেম-ওলামা, অভিভাবকসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।’

তিনি সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় সচেতন নাগরিকদের আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান আল মুজাফফার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দীন ভূইয়া, যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মোল্লা, মো. নজরুল ইসলাম, সদস্য সচিব মোল্লা মুজিবুল হকসহ জনপ্রশাসনের কর্মকর্তা, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন কওমি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় ওলামায়ে কেরাম এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ।

বক্তারা মাদকের বিস্তার রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আলেম-ওলামা, প্রশাসন ও সমাজের সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

আইও/