পাঞ্জাবি ছিঁড়ে মাওলানা আনিসুর রহমানের ঘোষণা- ‘খতমে নবুওয়াতের জন্য জীবন উৎসর্গ করব’
প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৬, ১১:৪০ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণাসহ কয়েকটি দাবিতে আয়োজিত জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে পাঞ্জাবি ছিঁড়ে জীবন উৎসর্গের ঘোষণা দিয়েছেন রাজধানীর জামিয়া বাবুস সালাম মাদরাসার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক মাওলানা আনিসুর রহমান।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীতে আয়োজিত এ সম্মেলনে বক্তব্য দেওয়ার একপর্যায়ে নিজের গায়ের পাঞ্জাবি ছিঁড়ে ফেলেন তিনি। এ সময় তিনি বলেন, খতমে নবুওয়াতের জন্য প্রয়োজনে জীবন উৎসর্গ করতে প্রস্তুত আছি।

মাওলানা আনিসুর রহমান বলেন, ১৯৯৪ সালে আমি কাফনের কাপড় কিনেছিলাম। শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. সেই কাপড় আমাকে পরিয়ে দিয়েছিলেন। আজও সেই কাফনের কাপড় আমার কাছে সংরক্ষিত আছে। মুরব্বিরা যদি বায়াত গ্রহণ করে কাফনের কাপড় নিয়ে মাঠে নামতে বলেন, তাহলে আমি প্রস্তুত।

তিনি আরও বলেন, বেফাকের সভাপতি আল্লামা মাহমুদুল হাসান ও মাওলানা মাহফুজুল হক সাহেব হুজুর একসময় বলেছিলেন, এক ঘণ্টার মধ্যে এয়ারপোর্ট ঘেরাও করতে, মাওলানা সাদকে ঠেকাতে। তখন বাসা থেকে বিদায় নিয়ে এসেছিলাম। এটা তো সামান্য বিষয়। নবীর প্রেমে সেই কাফনের কাপড় সংগ্রহ করে রেখেছি।

বক্তব্যে তিনি আরও বলেন, আমরা বলি, প্রয়োজনে রক্ত দেব। রক্ত ছাড়া তো হবেই না। মুরব্বিদের কাছে আমাদের আহ্বান-বায়াতের কর্মসূচি দিন। বুলেটের গুলি আসবে, পাঞ্জাবি ছিঁড়ে বুলেটের সামনে দাঁড়াব। জীবন উৎসর্গ করব।’

সম্মেলনে বক্তারা কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করাসহ খতমে নবুওয়াতের সুরক্ষায় বিভিন্ন দাবি তুলে ধরেন। দেশের শীর্ষ আলেমদের উপস্থিতিতে সম্মেলন থেকে ৯ দফা দাবি এবং মহাসমাবেশসহ বেশ কিছু তুলে ধরা হয়।

আরএইচ/