আল-আজহার মসজিদে কুরআন পরীক্ষায় অংশ নিলেন ২৪০০ শিক্ষার্থী
প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৬, ১১:৩৪ দুপুর
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মিসরের ঐতিহাসিক আল-আজহার মসজিদে কুরআন তেলাওয়াত ও তাজবিদের সমাপনী পর্যায়ের পরীক্ষা শুরু হয়েছে। এতে প্রবীণ ও নবীন—দুই শ্রেণির প্রায় ২ হাজার ৪০০ শিক্ষার্থী অংশ নিয়েছেন।

আল-আজহারের গ্র্যান্ড ইমাম অধ্যাপক ড. আহমদ আত-তাইয়্যেবের নির্দেশনা এবং আল-আজহারের ডেপুটি শেখ আইমান আবদুল গনির অনুমোদনে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আল-আজহার মসজিদের কোরআন তিলাওয়াত ও তাজবিদ কার্যক্রমের সাধারণ তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. আবদুল মুনইম ফুয়াদের সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

জানা গেছে, তিন দিনব্যাপী এ পরীক্ষার জন্য আল-আজহার মসজিদে ১২০টি পরীক্ষা কমিটি গঠন করা হয়েছে। সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও নির্ধারিত নিয়ম-কানুনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হচ্ছে।

এদিকে দেশের বিভিন্ন গভর্নরেটে অনুষ্ঠিত সমাপনী পর্যায়ের পরীক্ষার কার্যক্রমও কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আল-আজহার ইনস্টিটিউটস সেক্টরের প্রধান ড. আহমদ আশ-শারকাউই কেন্দ্রীয় অপারেশনস রুম থেকে এসব পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কি না এবং কোনো ধরনের প্রতিবন্ধকতা দেখা দিলে তা দ্রুত সমাধানের বিষয়েও নজর রাখা হচ্ছে।

চলতি পরীক্ষায় মিসরের বিভিন্ন বয়সী—প্রবীণ ও নবীন—শিক্ষার্থী মিলিয়ে মোট ১ লাখ ৩৫ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নিয়েছেন। এর আগে তারা টানা ছয় মাসের নিবিড় শিক্ষা কার্যক্রম সম্পন্ন করেন। এ সময়ে পবিত্র কোরআন অধ্যয়ন, আয়াত তিলাওয়াত ও মুখস্থ করার পাশাপাশি তাজবিদের নিয়ম এবং হরফের সঠিক উচ্চারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আল-আজহার মসজিদের কুরআন তেলাওয়াত কার্যক্রমের সাধারণ পরিচালক ড. হানি ওদা বলেন, সমাজের সব শ্রেণির মানুষের জন্য কুরআন তেলাওয়াতের এই কার্যক্রমকে আল-আজহার বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। অনুমোদিত বৈজ্ঞানিক পদ্ধতি ও নিয়ম মেনে কুরআন শেখা ও শুদ্ধভাবে তেলাওয়াতের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ও নিষ্ঠাও তিনি প্রশংসা করেন।

আল-আজহারের গ্র্যান্ড ইমাম অধ্যাপক ড. আহমদ আত-তাইয়্যেবের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ পরীক্ষায় আল-আজহারের ডেপুটি শেখ আইমান আবদুল গনি অনুমোদন দিয়েছেন। সার্বিক কার্যক্রমের তত্ত্বাবধানে রয়েছেন অধ্যাপক ড. আবদুল মুনইম ফুয়াদ। এছাড়া আল-আজহার মসজিদের সাধারণ পরিচালক অধ্যাপক হানি ওদা, ধর্মীয় বিষয়ক বিভাগের পরিচালক শেখ ইবরাহিম হালস এবং হল বিষয়ক বিভাগের পরিচালক অধ্যাপক মুস্তাফা শিশিও পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। সূত্র: জামে আজহার ফেসবুক পেইজ

আরএইচ/