
|
ঢাকা মহানগর দক্ষিণ জমিয়তের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
প্রকাশ:
১৬ আগস্ট, ২০২৬, ০৯:৫৬ সকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নবনির্বাচিত ৬১ সদস্যবিশিষ্ট কমিটির সদস্যদের শপথ গ্রহণ ও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব অর্পণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করানো হয় এবং তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। নবনির্বাচিত সভাপতি মুফতি মাহবুবুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি নুরুল আলম ইসহাকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক। তিনি নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী ও যুগ্ম মহাসচিব মাওলানা মতিউর রহমান গাজীপুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা শিব্বির আহমদ, মাওলানা আবুল বাশার, মাওলানা সলীমুল্লাহ, মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি হাসান আহমদ, মাওলানা বিন ইয়ামিন, মুফতি শাব্বির আহমদ, মাওলানা সলীমুল্লাহ খান হানাফী, মাওলানা গাজী আহমদ আব্দুল্লাহ মুসাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, ঢাকা মহানগর দক্ষিণে জমিয়তের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করতে নবনির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সংগঠনের নীতি-আদর্শ, দ্বীনি মূল্যবোধ ও জনকল্যাণমূলক কার্যক্রমকে সামনে রেখে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য তারা নতুন কমিটির সদস্যদের প্রতি আহ্বান জানান। তারা আরও বলেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণে জমিয়তের দাওয়াতি, সাংগঠনিক ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা। উল্লেখ্য, গত ৮ আগস্ট জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল অধিবেশনে মুফতি মাহবুবুল আলম কাসেমীকে সভাপতি এবং মুফতি নুরে আলম ইসহাকীকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। আরএইচ/ |