
|
ফের প্রকাশ্যে খোলা হলো শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স, মিলল বিপুল অর্থ ও স্বর্ণ-রূপা
প্রকাশ:
১৫ আগস্ট, ২০২৬, ০৯:০৫ রাত
নিউজ ডেস্ক |
সিলেট প্রতিনিধি সিলেটে অবস্থিত হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স ও ডেগে গত ৩৪ দিনে জমা হওয়া টাকা গণনা সম্পন্ন হয়েছে। এতে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া গেছে। এ ছাড়া বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা, স্বর্ণ-রূপা এবং ভক্তদের দেওয়া বেশ কিছু চিঠিও পাওয়া গেছে। শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে মাজারের দানবাক্স ও ডেগে জমা হওয়া অর্থ ও অন্যান্য সামগ্রী গণনা শুরু হয়। প্রায় আট ঘণ্টা পর সন্ধ্যা সোয়া ৬টার দিকে গণনা শেষ হয়। গণনা শেষে গণমাধ্যমকর্মীদের সামনে অর্থ ও অন্যান্য সামগ্রীর হিসাব তুলে ধরেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি জানান, অন্তত ৩০ জন স্বেচ্ছাসেবক দিনব্যাপী এ গণনা কার্যক্রমে অংশ নেন। মাজারের দানবাক্স ও ডেগে পাওয়া বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে যুক্তরাজ্যের ৩১ দশমিক ১১ পাউন্ড, ভারতের ৩ হাজার ২৪৮ রুপি, পাকিস্তানের ৬০ রুপি, সৌদি আরবের ৭০ রিয়াল, মালয়েশিয়ার ৮৩ রিঙ্গিত, যুক্তরাষ্ট্রের ৪ ডলার, নেপালের ১০০ রুপি, ওমানের ১ রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের ৬৪ দিরহাম ২২ সেন্ট, ইরাকের ২৫০ দিনার, তুরস্কের ৯০ লিরা, ভিয়েতনামের ১ হাজার ডং এবং জাপানের ১ হাজার ইয়েন। এ ছাড়া কাতারের ১১২ রিয়াল ৫০ পয়সা, লেবাননের ১০ পাউন্ড, মিশরের ১০ পাউন্ড, ইউরোর ৪০ পয়সা, বাহরাইনের ১ পয়সা এবং কানাডার ১ ডলারও পাওয়া গেছে।
গণনার সময় দানবাক্স ও ডেগ থেকে স্বর্ণও পাওয়া গেছে। এর মধ্যে ২ ভরি ১ রতি এবং ১ ভরি ২ আনা স্বর্ণ রয়েছে। পাশাপাশি রূপাও পাওয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ ছাড়া ভক্তদের পক্ষ থেকে মাজারে দেওয়া বিভিন্ন চিঠিও গণনার সময় পাওয়া যায়। এসব চিঠিতে ভক্তদের নানা আবেদন, আকাঙ্ক্ষা ও অনুভূতির কথা রয়েছে বলে জানা গেছে। সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, মাজারে নজরানা হিসেবে পাওয়া গরু, ছাগল, হাঁস-মুরগিসহ অন্যান্য সামগ্রীর হিসাব মাজার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত রয়েছে। এর আগে গত ২২ জুন ও ১১ জুলাই দুই দফায় প্রকাশ্যে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স ও ডেগে জমা হওয়া অর্থ গণনা করা হয়। ওই দুই দফায় গণনা করা অর্থ মাজারের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়েছে। আইও/ |