দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ৭, আহত ৩
প্রকাশ: ১৫ আগস্ট, ২০২৬, ০৮:৩০ রাত
নিউজ ডেস্ক

আন্তার্জাতিক ডেস্ক

থামেনি লেবানন-ইসরায়েল সীমান্ত উত্তেজনা। আবারও ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননে তিন শিশু ও দুই নারীসহ ৭ জন নিহত এবং আহত হয়েছেন আরও ৩ জন।

শনিবার (১৫ আগস্ট) লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির বরাতে ভারতের অনলাইন সংবাদমাধ্যম মুসলিম মিরর এক প্রতিবেদনে জানিয়েছে, ভোরে সংঘটিত ইসরায়েলি এই বিমান হামলায় হতাহতের ঘটনা ঘটে।

প্রতিবেদনে জানানো হয়, হামলার পর ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়েছেন কি না, তা খতিয়ে দেখতে উদ্ধারকর্মীরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে—এমন আশঙ্কার কথাও জানানো হয় প্রতিবেদনে।

প্রসঙ্গত, গত ২৬ জুন লেবানন-ইসরায়েলের মধ্যে একটি সমঝোতার ঘোষণা হয়। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিরস্ত্র করার বিনিময়ে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করার পরিকল্পনা করা হয়েছিল। তবে সমঝোতার ঘোষণার পরও হামলা ও প্রাণহানি প্রমাণ করছে, ওই কূটনৈতিক উদ্যোগেও লেবানন-ইসরায়েল সীমান্ত উত্তেজনা ও সংঘাত পুরোপুরি কমেনি।

আইও/