
|
ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত
প্রকাশ:
২২ জুন, ২০২৬, ১১:৫৮ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক— পবিত্র কুরআনের বিশুদ্ধ শিক্ষা বিস্তার এবং নূরানী শিক্ষকদের দক্ষতা ও যোগ্যতা উন্নয়নের লক্ষ্যে ফেনীতে নূরানী তালিমুল কুরআন বাংলাদেশের উদ্যোগে প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন) ফেনী আলিয়া মাদরাসা মসজিদে জেলার ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী উপজেলার শিক্ষকদের অংশগ্রহণে এ জোড় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী জেলা নূরানী তালিমুল কুরআন বোর্ডের সভাপতি মাওলানা ওয়ালিউল্লাহ। সঞ্চালনা করেন মাওলানা নুর আহমদ আল ফারুক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরানী তালিমুল কুরআন বোর্ডের চেয়ারম্যান মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন। বিশেষ অতিথি ছিলেন বোর্ডের পরিচালক মাওলানা কালিমুল্লাহ জামিল এবং পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবু বকর সিদ্দিক। আলোচনা পর্বে বক্তারা কুরআনুল কারিম বিশুদ্ধভাবে তিলাওয়াত ও শিক্ষাদানের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদান পদ্ধতি, শিক্ষার মানোন্নয়ন, নৈতিকতা ও শৃঙ্খলা রক্ষার বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় আরবি হরফের সঠিক উচ্চারণ, মাখরাজ, মদ ও গুন্নাহ বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। অংশগ্রহণকারী শিক্ষকদের নিয়ে কুরআনের বিভিন্ন আয়াত ও সূরার মশকও করানো হয়। নূরানী তালিমুল কুরআন বোর্ডের সংশ্লিষ্টরা জানান, ফেনী জেলায় নূরানী বোর্ডের নিজস্ব বড় পরিসরের কোনো কেন্দ্র না থাকায় পুরো জেলার আয়োজন একসঙ্গে করা সম্ভব হচ্ছে না। এ কারণে পর্যায়ক্রমে বিভিন্ন অঞ্চলে পৃথকভাবে ষান্মাসিক জোড়ের আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রথম দিনে ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী উপজেলার শিক্ষকদের নিয়ে এ কর্মসূচি সম্পন্ন হয়েছে। আগামী ২২ ও ২৪ জুন ফেনীতে আরও দুটি জোড় অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়। বোর্ড সূত্রে জানা গেছে, জুন ও জুলাই মাসজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে এ ধরনের ষান্মাসিক জোড় আয়োজন করা হবে। এর অংশ হিসেবে ঝিনাইদহ, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর ও ভোলাসহ বিভিন্ন জেলায় শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষার মানোন্নয়নমূলক কর্মসূচি পরিচালিত হবে। সংশ্লিষ্টদের মতে, আদর্শ, নৈতিক ও সচেতন সমাজ গঠনে কুরআন শিক্ষার মানোন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই নূরানী তালিমুল কুরআন বোর্ড দেশব্যাপী শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষার গুণগত উন্নয়নে ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে। আইও |