সাগরে নিখোঁজের একদিন পর মিলল মাদরাসাছাত্র আরিফের লাশ
প্রকাশ: ১৪ আগস্ট, ২০২৬, ০৭:৩২ বিকাল
নিউজ ডেস্ক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ১০ বছর বয়সী মাদরাসাছাত্র আরিফ উল্লাহর লাশ একদিন পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌঘাট এলাকায় জোয়ারের পানিতে ভেসে আসে তার মরদেহ। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

নিহত আরিফ উল্লাহ টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়া এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমান উল্লাহর ছেলে। সে টেকনাফের আল জামিয়া আল ইসলামিয়া মাদরাসার তৃতীয় জামাতের শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মাদরাসার ৩৫ শিক্ষার্থীর একটি দল টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া সংলগ্ন সমুদ্র সৈকতে বেড়াতে যায়। সেখানে কয়েকজন ফুটবল খেলছিল, আর অন্যরা সমুদ্রে গোসল করছিল।

গোসলের একপর্যায়ে হঠাৎ বড় ঢেউয়ের ধাক্কায় আরিফ সাগরের পানিতে ভেসে যায়। এ সময় সহপাঠী সাইদি তার হাত ধরে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু সাগরের তীব্র স্রোতের কারণে তাকে ধরে রাখা সম্ভব হয়নি। মুহূর্তের মধ্যেই স্রোতের টানে আরিফ চোখের আড়ালে চলে যায়।

এরপর সহপাঠী, স্থানীয় বাসিন্দা ও স্বজনরা সৈকতের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন। তবে বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়েও আরিফের কোনো সন্ধান পাওয়া যায়নি।

শেষ পর্যন্ত শুক্রবার সকালে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌঘাট এলাকায় জোয়ারের পানিতে একটি মরদেহ ভেসে আসার খবর পাওয়া যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে মরদেহটি আরিফ উল্লাহর বলে শনাক্ত করেন। পরে মরদেহটি বাড়িতে নিয়ে যাওয়া হয়।

আরিফের বাবা আমান উল্লাহ বলেন, বৃহস্পতিবার তাঁর ছেলেসহ ৩৫ জন মাদরাসাছাত্র সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিল। গোসলের সময় ঢেউয়ের ধাক্কায় আরিফ পানিতে পড়ে যায়। সঙ্গে থাকা এক সহপাঠী তাকে ধরে রাখার চেষ্টা করলেও স্রোতের কারণে পারেনি। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে কচ্ছপিয়া নৌঘাট এলাকায় মরদেহ ভেসে আসার খবর পেয়ে সেখানে গিয়ে ছেলেকে শনাক্ত করেন তিনি।

টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জামিম মিয়া বলেন, মাদরাসাছাত্র সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান। পরে শুক্রবার কচ্ছপিয়া নৌঘাট এলাকায় তার মরদেহ ভেসে আসার খবর পাওয়া যায়।

আইও/