
|
মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক
প্রকাশ:
২২ জুন, ২০২৬, ১১:৪০ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক— পবিত্র মক্কায় অনুষ্ঠিত দুই পবিত্র মসজিদের স্থাপত্য প্রদর্শনীতে (Exhibition of the Two Holy Mosques Architecture) উন্মুক্ত করা হয়েছে ১৯ শতকের ছয়টি ঐতিহাসিক মার্বেল ফলক, যা একসময় মসজিদুল হারামের করিডোর ও হলঘর শোভিত করেছিল। প্রদর্শনীতে স্থান পাওয়া এসব মার্বেল ফলক ১৮৮১ খ্রিস্টাব্দ (১২৯৯ হিজরি) সালের। ফলকগুলোতে চমৎকার আরবি ক্যালিগ্রাফি ও অসাধারণ কারুকার্যের নিদর্শন ফুটে উঠেছে, যা সে সময়ের শিল্প ও স্থাপত্য ঐতিহ্যের অনন্য সাক্ষ্য বহন করে। ঐতিহাসিক এসব ফলকে মহান আল্লাহ তাআলার নাম, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর নাম এবং তাঁর চার খলিফা—হজরত আবু বকর সিদ্দিক (রা.), হজরত উমর ইবনুল খাত্তাব (রা.), হজরত উসমান ইবন আফফান (রা.) ও হজরত আলী ইবন আবি তালিব (রা.)-এর নাম উৎকীর্ণ রয়েছে। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, মসজিদুল হারাম ও মসজিদে নববির ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সংশ্লিষ্ট আরও বহু মূল্যবান নিদর্শনের পাশাপাশি এসব ফলক প্রদর্শন করা হচ্ছে। একসময় পবিত্র মসজিদের বিভিন্ন অংশে স্থাপিত এসব নিদর্শন বর্তমানে বিশেষ সংরক্ষণ কার্যক্রমের আওতায় রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। প্রদর্শনীটি ইতোমধ্যে ইসলামি স্থাপত্য ইতিহাসের গবেষক, শিক্ষার্থী ও আগ্রহী দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রায় ১,২০০ বর্গমিটার আয়তনের এ প্রদর্শনীতে মহানবী (সা.)-এর যুগ থেকে শুরু করে বিভিন্ন ইসলামি শাসনামল এবং আধুনিক সৌদি যুগ পর্যন্ত দুই পবিত্র মসজিদের উন্নয়ন ও সম্প্রসারণের ধারাবাহিক ইতিহাস তুলে ধরা হয়েছে। এখানে প্রদর্শিত বিরল পান্ডুলিপি, স্থাপত্য উপাদান ও ঐতিহাসিক সংগ্রহ দর্শনার্থীদের সামনে ইসলামের সমৃদ্ধ ঐতিহ্যের এক জীবন্ত চিত্র উপস্থাপন করছে। একই সঙ্গে হজ ও ওমরাহ পালনকারীদের ক্রমবর্ধমান সংখ্যা সামাল দিতে বিভিন্ন সময়ে গৃহীত সম্প্রসারণ ও পুনর্নির্মাণ প্রকল্পের বিবরণও তুলে ধরা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এসব ঐতিহাসিক মার্বেল ফলক সংরক্ষণ সৌদি কর্তৃপক্ষের ঐতিহ্য রক্ষার আন্তরিক প্রচেষ্টারই প্রতিফলন। ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্য পৌঁছে দিতে এ ধরনের প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সূত্র: আরব নিউজ আইও |