স্বাধীনতা দিবস উপলক্ষে দারুল উলুম দেওবন্দের শিক্ষার্থীদের পতাকা র‍্যালি
প্রকাশ: ১৪ আগস্ট, ২০২৬, ০৫:৩২ বিকাল
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

স্বাধীনতা দিবসকে (১৫ আগস্ট) সামনে রেখে ভারতের ঐতিহাসিক ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের শিক্ষার্থীরা দেশপ্রেম, জাতীয় ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে বর্ণাঢ্য তেরঙ্গা (পতাকা) র‍্যালি করেছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) আয়োজিত এ র‍্যালিতে শত শত শিক্ষার্থী অংশ নেন।

র‍্যালিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রত্যেকের হাতে ছিল ভারতের জাতীয় পতাকা। এ সময় তারা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ ও ‘তেরঙ্গা জিন্দাবাদ’ স্লোগান দেন।

র‍্যালিটি দারুল উলুম দেওবন্দের ২ নম্বর গেট থেকে শুরু হয়ে জি.টি. রোড, তহবিদী চুনগি, বড়িয়া হক ও দারুল উলুম চৌক হয়ে প্রতিষ্ঠানের সদর গেটে গিয়ে শেষ হয়।

সদর গেটে র‍্যালি পৌঁছালে দারুল উলুম দেওবন্দের দায়িত্বশীল ও শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানান। পরে সেখানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দারুল উলুম দেওবন্দের নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল খালেক মাদরাজি ও নায়েবে মুহতামিম মুফতি রাশিদ আজমি উপস্থিত ছিলেন। তাঁরা র‍্যালিকে স্বাগত জানান এবং শিক্ষার্থীদের দেশপ্রেম ও সুশৃঙ্খল আয়োজনের প্রশংসা করেন। র‍্যালিতে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানের হোস্টেল ইনচার্জ মুফতি আশরাফ আব্বাস কাসেমী।

র‍্যালিতে জাতীয় পতাকা হাতে শিক্ষার্থীরা দেশের শান্তি, নিরাপত্তা, অখণ্ডতা ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধের বার্তা তুলে ধরেন। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, এ ধরনের কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও জাতীয় ঐক্যের চেতনা আরও সুদৃঢ় হয়।

র‍্যালি উপলক্ষে আইনশৃঙ্খলা ও শৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন এসডিএম উমেশ কুমার সিং, ইন্সপেক্টর পিও, এক্সিকিউটিভ অফিসার রাজ পতি ও বিকাশ চৌধুরী। এ ছাড়া দারুল উলুম দেওবন্দের মুফতি রেহান কাসমিসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আইও/