
|
সিলেট বিভাগে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
প্রকাশ:
১৪ আগস্ট, ২০২৬, ০৪:৩১ দুপুর
নিউজ ডেস্ক |
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৮ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪২ জনে। আর হাম ও সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ জনে। শুক্রবার (১৪ আগস্ট) প্রকাশিত সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। সর্বশেষ মৃতদের মধ্যে একজন সিলেটের গোয়াইনঘাট উপজেলার শিশু ইয়াসিন (৭ মাস)। অন্যজন সুনামগঞ্জের শিশু মো. সাইফান (সাড়ে ৫ মাস)। তারা দুজনই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিল। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৯ জন সন্দেহজনক হাম রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৮ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৭ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৩ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং মৌলভীবাজার ও সুনামগঞ্জের জেলা সদর হাসপাতালে যথাক্রমে ৫ ও ৪ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী ভর্তি রয়েছেন ২৮০ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১১৫ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ জন চিকিৎসাধীন। এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৩, মাউন্ট এডোরা হাসপাতালে ১, নর্থ ইস্ট হাসপাতালে ৬, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৩০, হবিগঞ্জ সদর হাসপাতালে ২ এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ৮ জন ভর্তি রয়েছেন। জেলা হিসেবে হাম ও সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি সুনামগঞ্জে। এ জেলায় সন্দেহজনক হাম রোগে এ পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে আরও একজনের। সব মিলিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা ৫৫। সিলেটে সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে ৪৪ জনের এবং নিশ্চিত হাম রোগে ৪ জনের। ফলে জেলায় মোট মৃত্যু ৪৮ জন। মৌলভীবাজারে সন্দেহজনক হাম রোগে ১২ জন এবং নিশ্চিত হাম রোগে একজনের মৃত্যু হয়েছে। হবিগঞ্জে সন্দেহজনক হাম রোগে ১৭ জনের মৃত্যু হলেও নিশ্চিত হাম রোগে মৃত্যুর তথ্য নেই। আইও/ |