
|
বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে
প্রকাশ:
১৪ আগস্ট, ২০২৬, ১১:০৮ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড—বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সার্বিক কার্যক্রমকে আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও আধুনিক করতে অনলাইন ও ডিজিটাল ব্যবস্থায় কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা (১৪৪৮ হিজরি) থেকে ধাপে ধাপে সফটওয়্যারের মাধ্যমে এসব কার্যক্রম পরিচালিত হবে। শুক্রবার (১৪ আগস্ট) বেফাকের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক পর্যায়ে পরীক্ষার্থী নিবন্ধন ও নিবন্ধন ফি প্রদান, মাদরাসা ইলহাক, মারহালা পরিবর্তন, মাদরাসার তথ্য সংশোধন, মারকাজ নির্বাচন ও পরিবর্তন, মারকাজসংক্রান্ত আবেদন এবং ইলহাকি ও মারহালা পরিবর্তন ফি প্রদানের কার্যক্রম অনলাইনের আওতায় আনা হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি থেকে অনলাইন কার্যক্রমের অংশ হিসেবে পরীক্ষার্থী নিবন্ধন শুরু হবে। অনলাইন কার্যক্রম পরিচালনার জন্য বেফাকের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অনলাইন প্ল্যাটফর্ম: bems.befaqbd.org. এ ছাড়া বেফাকের অন্যান্য তথ্য ও বিজ্ঞপ্তির জন্য অফিসিয়াল ওয়েবসাইট, ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল অনুসরণ করতে বলা হয়েছে। বেফাকের বিজ্ঞপ্তিতে অনলাইন কার্যক্রমের জন্য মাদরাসার মোবাইল নম্বর সচল রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অনলাইন কার্যক্রমে ওটিপি (OTP) কোড পাঠানোর জন্য মাদরাসার ইলহাকের সময় দেওয়া মোবাইল নম্বর ব্যবহার করা হবে। কোনো মাদরাসা মোবাইল নম্বর পরিবর্তন করতে চাইলে মুহতামিমের সিল ও স্বাক্ষরসহ আবেদনপত্র বেফাক কার্যালয়ে অথবা নির্ধারিত হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে নম্বরটি হালনাগাদ করতে হবে। এ জন্য ০১৮৫৮৭৭৪৪১৬ ও ০১৮৫৮৯২৮৭৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। অনলাইন কার্যক্রম সঠিকভাবে সম্পাদন ও তদারকির জন্য প্রতিটি মাদরাসায় দক্ষ ও দায়িত্বশীল একজনকে ‘মাদরাসা অ্যাডমিন’ হিসেবে দায়িত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদিকে, মারকাজ অ্যাডমিন অধীনস্থ মাদরাসাগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন এবং পরীক্ষা-সংক্রান্ত অনলাইন কার্যক্রম সমন্বয় করবেন। বেফাকের এ ডিজিটাল উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রশাসনিক ও পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রম আরও দ্রুত, স্বচ্ছ ও সহজ হবে বলে আশা করা হচ্ছে। উদ্যোগটি সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব মাদরাসা, মারকাজ ও দায়িত্বশীলদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী। bems.befaqbd.org bems.befaqbd.org আরএইচ/ |