
|
যুব জমিয়তের সভাপতি ইসহাক কামাল, সাধারণ সম্পাদক চৌধুরী নাসির
প্রকাশ:
১৪ আগস্ট, ২০২৬, ০৯:৫৫ সকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক জমিয়তে উলামায়ে ইসলামের সহযোগী সংগঠন যুব জমিয়ত বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা ইসহাক কামাল, সিনিয়র সহসভাপতি মাওলানা সুলাইমান মাদানী এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা চৌধুরী নাসির আহমদ। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা আতাউর রহমান। একই সঙ্গে ৬১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিলে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ নতুন কমিটি ঘোষণা করেন। সম্মেলনে সভাপতিত্ব করেন যুব জমিয়তের সভাপতি মাওলানা তাফহীমুল হক। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন মাওলানা সুলাইমান মাদানী ও মাওলানা চৌধুরী নাসির আহমদ। নতুন কমিটিতে মাওলানা ইসহাক কামাল সভাপতি, মাওলানা সুলাইমান মাদানী সিনিয়র সহসভাপতি, মাওলানা চৌধুরী নাসির আহমদ সাধারণ সম্পাদক এবং মাওলানা আতাউর রহমান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, ইলমে ওহী সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের প্রথম দায়িত্ব। ব্যক্তিগত জীবনে দ্বীনদারি নিশ্চিত করতে হবে। রাজনীতির জন্য দ্বীনের হালাল-হারাম বিসর্জন দেওয়া যাবে না এবং বাতিলের সঙ্গে আপস করা যাবে না। তিনি বলেন, যুব জমিয়ত শুধু ওলামায়ে কেরামের সংগঠন নয়। আলেমদের নেতৃত্বে ব্যবসায়ী, তরুণ ও সাধারণ দ্বীনদার মানুষকে সম্পৃক্ত করে জেলা, উপজেলা ও ইউনিট পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, ১৯৭১ ও ২০২৪ সালের শহীদদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। বৈষম্য, জুলুম ও শোষণমুক্ত বাংলাদেশ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে। সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা শেখ মুজিবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা আব্দুল মালেক চৌধুরী, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাসিরুদ্দিন খান, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল আলম, দফতর সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম, মাওলানা মোস্তফা মাহমুদী, ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মুফতি এখলাসুর রহমান রিয়াদ এবং ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাযহারীসহ যুব জমিয়ত ও জমিয়তে উলামায়ে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। আরএইচ/ |