কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে নিহত ২
প্রকাশ: ২১ জুন, ২০২৬, ১২:২৪ দুপুর
নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে চালক আনিস (৩৫) ও সহকারী রতন (৩৫) নামের দুজন নিহত হয়েছেন।

রোববার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ট্রাকচালক আনিসের বাড়ি ফরিদপুর জেলায় এবং সহকারী রতনের বাড়ি কুষ্টিয়ার সদর উপজেলার মিনাপাড়ায় এলাকায়।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ থেকে পাথর নিয়ে একটি ট্রাক খুলনায় যাচ্ছিল। পথে কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে ট্রাকটি হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। মুহূর্তের মধ্যে ট্রাকটিতে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে ট্রাকের কেবিন থেকে হেলপার রতনের মরদেহ উদ্ধার করা হলেও পাথরের নিচে চাপা পড়া চালক আনিসের সন্ধানে উদ্ধার তৎপরতায় কাজ করছে ফায়ার সার্ভিস। 

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, ট্রাকটিতে কোনো যান্ত্রিক ত্রুটি অথবা চালক ঘুমিয়ে পড়ার ফলে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হেলপারের মরদেহ উদ্ধার করা হয়েছে। ক্রেন দিয়ে ট্রাকটি সরানো হয়েছে। ট্রাকেরচালক মারা গেছেন। চালকের মরদেহ উদ্ধারকাজ চলমান রয়েছে।

জেডএম/