সড়ক দুর্ঘটনায় আমলীগোলা শাহী মসজিদের সাবেক মুয়াজ্জিনের মৃত্যু
প্রকাশ: ১২ আগস্ট, ২০২৬, ০৭:৩১ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

রাজধানী মালিবাগের মৌচাক ফ্লাইওভারে কাভার্ডভ্যানের ধাক্কায় পুরান ঢাকার আমলীগোলা শাহী মসজিদের সাবেক মুয়াজ্জিন হাফেজ আব্দুল্লাহ মাসুম (৩০) নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ মাসুম ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার কান্দুলিয়া গ্রামের আব্দুল মান্নান মোড়লের ছেলে। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক ছিলেন।

স্বজনদের সূত্রে জানা যায়, রাজধানী বাড্ডায় একজনের সঙ্গে দেখা করে বাসায় ফেরার পথে ফ্লাইওভারে কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন মাসুম। কাভার্ডভ্যানটি তার শরীরের ওপর দিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সূত্রে আরও জানা যায়, তিনি পুরান ঢাকার লালবাগের আমলীগোলা শাহী মসজিদের সাবেক মুয়াজ্জিন। মাস দুয়েক আগে মসজিদ ছেড়ে পাশেই এক মাদরাসা পরিচালনার দায়িত্বে নিয়োজিত হন। তার মৃত্যুতে মসজিদ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

শাহজাহানপুর থানার এসআই প্রাণজিত মণ্ডল গণমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্লাইওভারের ওপর মাসুম বিল্লাহকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আইও/