নবীজিকে নিয়ে কটূক্তি, হিন্দু যুবক গ্রেপ্তার
প্রকাশ: ১৯ জুন, ২০২৬, ০৫:৫৪ বিকাল
নিউজ ডেস্ক

মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্মীয় আচারের প্রতি কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে ফেনীর ছাগলনাইয়ায় সৃজন দাশ প্রান্ত (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ছাগলনাইয়া থানা পুলিশ।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে এলাকাবাসীর সহযোগিতায় পশ্চিম ছাগলনাইয়া গ্রামের অনিল ডাক্তার বাড়ির নিজ ঘর থেকে সৃজন দাশ প্রান্তকে আটক করে পুলিশ। আটক সৃজন দাশ ওই বাড়ির প্রীতি লাল দাশের ছেলে। ছাগলনাইয়া থানার পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে srijon das নামে খোলা একটি আইডি থেকে মহানবী (সা.) ও মুসলমানদের ধর্মীয় রীতি-নীতি নিয়ে তির্যক, কুরুচিপূর্ণ ও উসকানিমূলক মন্তব্য করা হয়। মন্তব্যটি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। 

এ বিষয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, ফেসবুকে ধর্মীয় মূল্যবোধ ও মহানবী (সা.)কে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। স্থানীয়দের সহযোগিতায় সৃজন দাশকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। তিনি জানান, শুক্রবার (১৯ জুন) দুপুরে তার বিরুদ্ধে একটি মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

জেডএম/