‘সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারগুলোর পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে’
প্রকাশ: ১১ আগস্ট, ২০২৬, ০৯:১৯ সকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।

এক বিবৃতিতে তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং নিহতদের শাহাদাতের মর্যাদা দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, জীবিকার সন্ধানে পরিবার ও আপনজনদের ছেড়ে যারা প্রবাসে কাজ করছিলেন, তাদের এমন করুণ মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। যে পরিবারগুলো আশা-ভরসা নিয়ে তাদের আপনজনদের প্রবাসে পাঠিয়েছিল, তাদের কষ্ট, হতাশা ও বেদনার সঙ্গে আমরা গভীরভাবে সহমর্মিতা প্রকাশ করছি। মহান আল্লাহ তাদের পরিবারকে সবরে জামিল ধারণ করার তাওফিক দান করুন।

তিনি বলেন, প্রবাসে কর্মরত বাংলাদেশিরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই কোনো দুর্ঘটনায় তাদের মৃত্যু হলে লাশ দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব।

পীর সাহেব চরমোনাই বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা রাষ্ট্রকেই করতে হবে। একই সঙ্গে নিহতদের পরিবারগুলোর পুনর্বাসনের দায়িত্বও সরকারকে নিতে হবে।

তিনি আরও বলেন, আপনজন হারানোর শোকের পাশাপাশি পরিবারগুলো যেন আর্থিক সংকটে না পড়ে, সে জন্য সরকারকে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে। এতে স্বজন হারানোর বেদনার সঙ্গে পরিবারগুলোর আর্থিক ক্ষতিও কিছুটা লাঘব হবে।

আরএইচ/