এবার বরিশাল বিভাগের ইমাম-খতিবদের নিয়ে আস-সুন্নাহর প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশ: ১১ আগস্ট, ২০২৬, ০৯:০৯ সকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

এবার শুরু হতে যাচ্ছে বরিশাল বিভাগের ইমাম-খতিবদের জন্য বিশেষ ইমাম প্রশিক্ষণ কর্মশালা ২০২৬। আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় বরিশাল বিভাগের ছয় জেলার নির্বাচিত ইমাম-খতিবদের প্রশিক্ষণ দেওয়া হবে।

এর আগে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ইমাম-খতিবদের নিয়ে এ ধরনের প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। ধারাবাহিকভাবে দেশের অন্যান্য বিভাগের ইমামদেরও বিভাগভিত্তিক প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

কর্মশালায় দাওয়াকাজে প্রয়োজনীয় বিভিন্ন আধুনিক ও ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে—আদর্শ ইমামের বৈশিষ্ট্য ও গুণাবলি, লিডারশিপ ও পার্সোনাল ডেভেলপমেন্ট, দাওয়া ও মনস্তত্ত্ব, ইমোশনাল ইন্টেলিজেন্স, মসজিদকে আরও কার্যকর ও জনসম্পৃক্ত করার কৌশল, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও ফ্যাক্ট চেকিং, সমকালীন ইসলামি চিন্তাধারা ও মতবাদ, পাবলিক স্পিকিং, কার্যকর যোগাযোগ ও কমিউনিটি ডেভেলপমেন্ট এবং টাইম ম্যানেজমেন্ট।

এ ছাড়া সাইন্টিজম ও ইসলাম-বিজ্ঞানের সম্পর্ক, এলজিবিটিকিউ ও জেন্ডার-সংক্রান্ত সমকালীন চ্যালেঞ্জ, সংশয়বাদ ও নাস্তিক্যবাদ মোকাবেলার কৌশল, প্যারেন্টিং, দৈনন্দিন শরীরচর্চা এবং প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার মতো বিষয়ও প্রশিক্ষণে অন্তর্ভুক্ত রয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, ইমাম-খতিবদের শুধু ধর্মীয় জ্ঞানেই নয়, নেতৃত্ব, যোগাযোগ, মনস্তত্ত্ব, সামাজিক সম্পৃক্ততা ও আধুনিক দাওয়াপদ্ধতির ক্ষেত্রেও দক্ষ করে তোলাই এ প্রশিক্ষণের অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ের ইমাম-খতিবরা দাওয়াকাজে আরও দক্ষ হয়ে উঠবেন এবং বিভিন্ন এলাকার ইমামদের মধ্যে পারস্পরিক পরিচিতি ও হৃদ্যতা গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

প্রশিক্ষণে অংশ নিতে আবেদনকারীকে বর্তমানে বরিশাল বিভাগের কোনো মসজিদে ইমাম বা খতিব হিসেবে কর্মরত হতে হবে। পাশাপাশি দাওরায়ে হাদিস, ফাজিল-কামিল অথবা ইসলামিক স্টাডিজ/আরবি বিষয়ে অনার্স বা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীদের মধ্যে থেকে শিক্ষাগত ফলাফল, অভিজ্ঞতা, দাওয়াকাজ ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে প্রশিক্ষণার্থীদের চূড়ান্ত তালিকা নির্বাচন করা হবে।

নির্বাচিত প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের দিন জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সর্বশেষ পরীক্ষার সনদপত্র বা নম্বরপত্র সঙ্গে আনতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২১ আগস্ট ২০২৬ (শুক্রবার)

প্রশিক্ষণের তারিখ: ৫–৯ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার–বুধবার)

সময়: প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত

স্থান: প্লট-৬২, রোড-৩, ব্লক-এ, আফতাবনগর, ঢাকা।

আবেদন লিংক : https://forms.gle/6t49syZNAjzS14U88

৫ম ইমাম প্রশিক্ষণ (বরিশাল বিভাগ)

আরএইচ/