
|
ফল খারাপে ভেঙে পড়ো না, নতুন উদ্যমে শুরু করো: পীর সাহেব চরমোনাই
প্রকাশ:
১০ আগস্ট, ২০২৬, ০৪:৫৩ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জনকারীদের অভিনন্দন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। একই সঙ্গে যারা প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের হতাশ না হয়ে ঘাটতি খুঁজে নতুন উদ্যমে পথচলা শুরু করার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার (১০ আগস্ট) এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, পরীক্ষায় অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ফলাফল যা-ই হোক, পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করে উচ্চতর স্তরে পৌঁছেছে। তিনি বলেন, যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেছে, তাদের বিশেষভাবে অভিনন্দন। আজকের দিনটি তাদের জীবনের স্মরণীয় দিন হয়ে থাকবে। এ সাফল্যের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। একই সঙ্গে বাবা-মা ও শিক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। কারণ তাদের সহযোগিতা ও প্রচেষ্টাই শিক্ষার্থীদের সাফল্যের ভিত্তি তৈরি করেছে। কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পারা শিক্ষার্থীদের উদ্দেশে পীর সাহেব চরমোনাই বলেন, তাদের ধৈর্য ধারণ করতে হবে; কোনোভাবেই ভেঙে পড়া বা হতাশ হওয়া যাবে না। জীবন অনেক বড় এবং এই জীবনে সম্ভাবনাও অনেক বেশি। তিনি বলেন, এসএসসি বা সমমানের পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হলেও এটি চূড়ান্ত বা সর্বশেষ মাইলফলক নয়। ফলে পরীক্ষায় প্রত্যাশিত ফল না পাওয়ায় কষ্ট হতে পারে, কিন্তু এতে ভেঙে পড়ার কোনো কারণ নেই। বরং কোথায় ঘাটতি ছিল তা খুঁজে বের করে নতুন উদ্যমে পথচলা শুরু করতে হবে। অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, সন্তানদের এই সময়ে পাশে থাকতে হবে। যারা ভালো ফল করেছে, তাদের মধ্যে কৃতজ্ঞতাবোধ জাগ্রত করতে হবে। আর যারা কাঙ্ক্ষিত ফল পায়নি, তাদের সান্ত্বনা দিয়ে আশার পথ দেখাতে হবে। আইও/ |