
|
ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
প্রকাশ:
১৮ জুন, ২০২৬, ০৮:৪৮ সকাল
নিউজ ডেস্ক |
ময়মনসিংহ নগরীতে নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (১৭ জুন) বিকেলে নগরের কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— মো. মাসুদ মিয়া (৩০) ও সিয়াম মিয়া (২৪)। তাদের মধ্যে মাসুদের বাড়ি ঝিনাইদহ জেলায় এবং সিয়ামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরের কলেজ রোড এলাকায় ‘এনায়েত হোসেন চৌধুরী টাওয়ার’ নামে একটি ১০ তলা ভবনের নির্মাণকাজ প্রায় তিন বছর ধরে চলমান রয়েছে। প্রায় সাড়ে আট শতক জমির ওপর নির্মাণাধীন ভবনটির অষ্টম তলায় বুধবার দুপুর আনুমানিক ৩টার দিকে কাজ করার সময় অসাবধানতাবশত দুই শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। জানা গেছে, ভবনটির মালিক নেত্রকোনা মেডিকেল কলেজের প্রভাষক রফিকুল ইসলাম। তবে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ভবনটির নির্মাণকাজ পরিচালিত হচ্ছিল। এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তাদের স্বজনরা আসার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জেডএম/ |