সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু
প্রকাশ: ০৮ আগস্ট, ২০২৬, ১১:৪৭ দুপুর
নিউজ ডেস্ক

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জে সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে বিলের পানিতে ডুবে মহসিন হোসেন (১০) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের উত্তর হাজীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহসিন হোসেন ওই এলাকার উজির আলি হাজী বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে। সে স্থানীয় কালুপুর মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, শুক্রবার সহপাঠীদের সঙ্গে খেলতে যায় মহসিন। খেলা শেষে সহপাঠীদের সঙ্গে বিলের পানিতে গোসল করতে নামে সে। একপর্যায়ে বিলের একটি গভীর গর্তে পড়ে পানিতে ডুবে যায় মহসিন। পরে তার মরদেহ পানিতে ভেসে ওঠে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরএইচ/