‘খুলনা উন্নয়ন কর্তৃপক্ষে’র নতুন চেয়ারম্যান শফিকুল আলম মনা
প্রকাশ: ১৬ জুন, ২০২৬, ০৩:৫৮ দুপুর
নিউজ ডেস্ক

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। এ-সময় বিদায়ী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আনুষ্ঠানিকভাবে তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সোমবার (১৬ জুন) সকালে কেডিএর হল রুমে বিদায়ী চেয়ারম্যানকে সংবর্ধনা ও নতুন চেয়ারম্যানকে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন ও খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কেডিএর কর্মকর্তা-কর্মচারীরা বিদায়ী চেয়ারম্যানের বিভিন্ন কাজের অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। একই সঙ্গে নবনিযুক্ত চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেন।

নবনিযুক্ত চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা তার বক্তব্যে বলেন, খুলনার পরিকল্পিত উন্নয়ন, আধুনিক নগর ব্যবস্থাপনা এবং নাগরিকবান্ধব সেবা নিশ্চিত করতে সকলের সহযোগিতা প্রয়োজন। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষকে একটি গতিশীল, স্বচ্ছ ও জনমুখী প্রতিষ্ঠানে পরিণত করতে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই। সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে খুলনাকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করাই আমাদের প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা নবনিযুক্ত চেয়ারম্যানের নেতৃত্বে কেডিএ-র কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

জেডএম/